দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভের আয়োজক

2026-10-12T00:58:24+00:00
2026-10-12T00:58:24+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা সিজেপির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ এএম 
ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভের আয়োজক ককরোচ জনতা পার্টি (সিজেপি)। 

গত শনিবার বিক্ষোভ করতে গিয়ে ব্যাপক ধরপাকড়ের শিকার হওয়ার পর রোববার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নেতারা। রোববার এক সংবাদ সম্মেলনে সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা বলেন, লড়াই সবে শুরু হয়েছে। তিনি বলেন, জ্ঞানেশ পদত্যাগ না করা পর্যন্ত এই বিক্ষোভ থামবে না।

অপরদিকে ভারতে ‘ভোট চুরি’ বন্ধ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবার সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন, বিরোধী দলগুলোর নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ এই পদযাত্রায় অংশ নেবেন। পদযাত্রা শেষে ভারতের প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে।

এ ছাড়া রোববারও জ্ঞানেশবিরোধী আন্দোলনে উত্তপ্ত ছিল দিল্লি। ধরপাকড়ও ছিল অব্যাহত। প্রায় ১০০ জনকে আটক করেছে পুলিশ। এরপর দুটি বাসে করে তাতে অন্যত্র নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, কনট প্লেস থেকে সিপিআইএম নেতা জন ব্রিটাসসহ একাধিক আন্দোলনকারীকে আটক করা হয়েছে। 

রোববার এত মানুষকে আটক করার পর এদিনও কড়া নিরাপত্তা ছিল যন্তরমন্তরে। এর মধ্যেই সিজেপি বা ককরোচ জনতা পার্টি গতকালের পর আজও যন্তরমন্তরে ফের একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। যার নেতৃত্বে থাকবেন সিজেপির জাতীয় সংগঠনের দায়িত্বে থাকা অজিঙ্কা শিণ্ডে। 

এর পাশাপাশি সিজেপির তরফে জানানো হয়েছে, জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের যে দাবি তোলা হয়েছে তা পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহতই থাকবে। গত শনিবার দিল্লির এয়ারপোর্টেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করার পর রোববার আদালতে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তারা।

ভারতজুড়ে বিক্ষোভের ঘোষণা সিজেপির : রোববার দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা বলেন, লড়াই সবে শুরু হয়েছে। তিনি বলেন, জ্ঞানেশ পদত্যাগ না করা পর্যন্ত এই বিক্ষোভ থামবে না।

সিজেপি নেতা সৌরভ দাসও আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, শুধু দিল্লিতে নয়, ভারতের সর্বত্র বিক্ষোভ হবে। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার অপব্যবহারের অভিযোগ তোলেন তিনি।

এদিকে নিজের আটকের ঘটনাকে ‘অপহরণ’ বলে আখ্যা দিয়েছেন রাঙ্কা। তিনি বলেন, উড়োজাহাজের ভেতর থেকে তাদের তুলে নেওয়া হয়েছিল। মুক্তির শর্ত নিয়েও আপত্তি তুলেছে সিজেপি। দলটির বক্তব্য, কোনো নেতা ভবিষ্যতে বিক্ষোভ করবেন না— এমন মুচলেকায় সই করেননি।

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দীপকে লেখেন, আমরা এমন কোনো মুচলেকায় সই করিনি, যেখানে বলা হয়েছে আমরা আর বিক্ষোভ করব না। আমরা আবার রাস্তায় নামব।

বিক্ষোভকারীদের জন্য যন্তরমন্তর খুলে দেওয়ার দাবিও জানিয়েছেন নেতারা। তাদের অভিযোগ, রাজধানীর ওই নির্ধারিত বিক্ষোভস্থলে যেতে বাধা দিয়ে কর্তৃপক্ষ নাগরিকদের প্রতিবাদের অধিকার খর্ব করছে।


পদযাত্রার ঘোষণা রাহুল গান্ধীর : ভারতে ‘ভোট চুরি’ বন্ধ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ সোমবার সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

তিনি জানিয়েছেন, বিরোধী দলগুলোর নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ এই পদযাত্রায় অংশ নেবেন। পদযাত্রা শেষে ভারতের প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী অভিযোগ করেন, শনিবার দিল্লিতে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের পুলিশ ও বিজেপির কর্মীরা মারধর করেছেন।

তিনি বলেন, দল, লিঙ্গ, জাতি, সম্প্রদায় ও রাজ্যের বিভেদ ভুলে এই পদযাত্রায় মানুষ একত্র হবেন। মানুষকে পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডরো মত’ অর্থাৎ ভয় পেয়ো না।

সুপ্রিম কোর্টের নির্দেশের পরও পুলিশি অভিযান : পুলিশের এই পদক্ষেপ আসে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশের পর। রোববার বিশেষ শুনানিতে আদালত জানান, শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের আইনানুগ প্রক্রিয়া অনুসরণ ছাড়া আটক করা যাবে না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারায় জারি করা নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার বাইরেও এ ধরনের বিক্ষোভকারীদের আটক করে রাখা যাবে না বলে নির্দেশ দেন আদালত।

বিক্ষোভকারীদের গণহারে আটক, চলাচলে বিধিনিষেধ, ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা ও শনিবারের কর্মসূচির আগে পরিবহনব্যবস্থায় নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ নিয়ে করা জরুরি আবেদনের শুনানিতে এ নির্দেশ দেওয়া হয়। এর আগে ৯ অক্টোবর পরিবহন চলাচলে বিধিনিষেধ আরোপের বিষয়ে আদালত নির্দেশ দিয়েছিলেন।

রোববার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ দিল্লিতে মেট্রো ও রেল চলাচল স্বাভাবিক রাখা, ইন্টারনেট সংযোগ সচল রাখা এবং মানুষের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশ দেন।

এ ছাড়া সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালত চত্বরের আশপাশে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে যে নোটিস দেওয়া হয়েছিল, তা সরিয়ে নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। বিচারপ্রার্থীদের আদালতে নির্বিঘ্নে প্রবেশাধিকার নিশ্চিত করতেই এ নির্দেশ দেওয়া হয়।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   দেশ  বিক্ষোভ  সিজেপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: