পাকিস্তানের বন্দরনগরী করাচিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। জনদুর্ভোগ কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) করাচির কমিশনারের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরের প্রধান সড়ক, মোড় ও চত্বরে বিভিন্ন প্রতিবাদ ও বিক্ষোভের কারণে তীব্র যানজট তৈরি হচ্ছে। এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।
প্রশাসনের ভাষ্য, সড়ক অবরোধের কারণে জরুরি সেবার যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি হাসপাতালে যাতায়াতের পথও সীমিত হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে জনশান্তি বজায় রাখা, নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা এবং জরুরি সেবা সচল রাখতে সাময়িক নিষেধাজ্ঞা প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েত, মিছিল বা বিক্ষোভ আয়োজন কিংবা তাতে সহায়তা করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উত্তেজনা বিরাজ করছে। খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি এবং প্রদেশটির মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা সোহেল আফ্রিদিকে গ্রেফতারের পর রাজনৈতিক অঙ্গনে সংকট আরও গভীর হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানও দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন।
এমন পরিস্থিতিতে করাচিতে নতুন করে নিষেধাজ্ঞা জারির ঘটনা দেশটির সামগ্রিক আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
সূত্র : দ্য ডন
সময়ের আলো/এমকে