শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠেছে পানামা। শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর সোমবার (১২ অক্টোবর) দেশটিতে ৬ মাত্রার নতুন কম্পন অনুভূত হয়েছে। একের পর এক ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে। এ পর্যন্ত অন্তত ২৭ জন আহত এবং প্রায় ৯০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, নতুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। এছাড়া, শুক্রবার শক্তিশালী ভূমিকম্পের পর থেকে দেশটিতে ৩০০টির বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একের পর এক ভূকম্পনে দেশটির মধ্যাঞ্চলীয় কয়েকটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সপ্তাহান্তে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে পানামা সরকার।
জরুরি উদ্ধারকারী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে, অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৯০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও হেরেরা প্রদেশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ চলছে।
সময়ের আলো/মহু