জয়পুরহাটের পাঁচবিবিতে অসুস্থ বড়ভাইয়ের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সাখাওয়াত ইসলাম (২৭) নামের এক রাজমিস্ত্রিকে পিটিয়ে ও আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাখাওয়াত ইসলাম উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াতের বড় ভাই শাহারুল ইসলাম স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছেন। সংসারের প্রয়োজনে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বড়ভাইয়ের সেই অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন সাখাওয়াত। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। সেসময় ফোন বন্ধ পাওয়া গেলে আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে রাত ১টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
পরবর্তীতে বুধবার সকালে এক স্কুলছাত্র প্রাইভেট পড়তে যাওয়ার পথে পাথরঘাটা ব্রিজের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করে। তার চিৎকারে স্থানীয় এক নারী এগিয়ে এসে মরদেহটি দেখতে পান এবং আশপাশের লোকজনকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাখাওয়াতের মরদেহ শনাক্ত করেন।
খবর পেয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই