পাবনার চাটমোহরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি দুর্ঘটনায় হাসিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা খাতুন পাশের ঈশ্বরদী উপজেলার দিকমারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।
দুর্ঘটনায় হাসিনার স্বামী গোলাম মোস্তফা, আব্দুল হামিদ জিন্নাহ ও মো. মিনাজ উদ্দিন আহত হয়েছেন। তাঁরা আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, পাবনা থেকে চাটমোহরগামী একটি সিএনজি ভবানীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সিএনজিতে থাকা ব্যক্তিদের উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।
সময়ের আলো/এনএন