প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:০৮ এএম
পুড়ল ভাই-বোনের বিয়ের স্বপ্ন। ছবি : সংগৃহীতপটুয়াখালীর বাউফলে মোশাররফ হোসেন ও তার বোনের বিয়ের জন্য জমানো প্রায় সাত লাখ টাকা আগুনে পুড়ে গেছে। এর সঙ্গে তাদের বসতঘরসহ গরু-ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মোশাররফ হোসেনকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরের দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোশাররফের ভস্মীভূত বাড়ি গিয়ে এ সহায়তা দেওয়া হয়। এর আগে রোববার সন্ধ্যা ৭টায় মোশাররফ হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে তার বসতঘর, দুটি গরু, ছয়টি ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়। একই সঙ্গে ঘরে রাখা নিজের ও বোনের বিয়ের জন্য জমানো প্রায় সাত লাখ টাকা পুড়ে যাওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।
ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন জানান, কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। গত ১০-১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে ধীরে ধীরে প্রায় সাত লাখ টাকা জমিয়েছিলেন। নিজের ও বোনের বিয়ের জন্য সেই টাকা ঘরে রেখেছিলেন। কিন্তু আগুনে তার দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা সঞ্চয় শেষ হয়ে যায়।
আর্থিক সহায়তা প্রদানকালে বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন, আমি যে ব্যবসা করি, তার একটি অংশ সাধারণ মানুষের জন্য, ধর্মের জন্য ও দেশের জন্য ব্যয় করার হুকুম আল্লাহ তায়ালা দিয়েছেন। সেই হুকুম বাস্তবায়নের জন্য আমি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বাউফল পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। তারেক রহমানের পক্ষ থেকে আমি ব্যক্তিগত অর্থায়নে তাদের সহায়তা করেছি।
সময়েরে আলো/জোই