অবৈধ ফোনে রাজস্ব ফাঁকি রোধে এনইআইআর চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

অবৈধ মোবাইল ফোন উৎপাদন, চোরাচালান ও অনুমোদনহীন বিক্রির মাধ্যমে বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধে উদ্যোগ নিয়েছে

2026-10-22T20:43:03+00:00
2026-10-22T20:55:12+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
অবৈধ ফোনে রাজস্ব ফাঁকি রোধে এনইআইআর চালুর উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ৮:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
অবৈধ মোবাইল ফোন উৎপাদন, চোরাচালান ও অনুমোদনহীন বিক্রির মাধ্যমে বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ লক্ষ্যে আগামী ১ জানুয়ারি থেকে দুই ধাপে জাতীয় যন্ত্রপাতি শনাক্তকরণ নিবন্ধন ব্যবস্থা (এনইআইআর) পুনরায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিটিআরসির কমিশন সভায় উপস্থাপিত কার্যপত্রে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল্যায়ন অনুযায়ী, অবৈধ মোবাইল ফোনের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

বিটিআরসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে এনইআইআরের মূল কার্যক্রম চালু করা হবে। এ পর্যায়ে হ্যান্ডসেটের নিবন্ধন বাতিলের ব্যবস্থা থাকবে না। বর্তমানে সচল থাকা মোবাইল ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। পাশাপাশি অনুমোদিত আমদানিকারক ও দেশীয় উৎপাদকদের অবিক্রীত হ্যান্ডসেটের আইএমইআই তথ্যও ব্যবস্থাটিতে অন্তর্ভুক্ত করা হবে।

তবে শুল্ক-কর ফাঁকি দিয়ে দেশে আসা এবং চোরাচালানের মাধ্যমে প্রবেশ করা অবৈধ হ্যান্ডসেট বন্ধের ব্যবস্থা থাকবে প্রথম ধাপেই। পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপে ফোনের মালিকানা যাচাই, ক্লোন হ্যান্ডসেট শনাক্ত এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধে নিবন্ধন বাতিলের ব্যবস্থা চালু করা হবে।

এর আগে, ২০২১ সালের ১ জুলাই পরীক্ষামূলকভাবে এনইআইআর চালু করা হয়েছিল। তবে সরকারের সিদ্ধান্তে স্বয়ংক্রিয়ভাবে ফোন বন্ধ করা ও ক্লোন হ্যান্ডসেট প্রতিরোধের কার্যক্রম স্থগিত রাখা হয়।


পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৯ অক্টোবর এনবিআর এবং ২০২৫ সালের ২৮ জুন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ব্যবস্থাটি চালুর উদ্যোগ নেয়। এরপর ২০২৫ সালের ১ ডিসেম্বর আন্তমন্ত্রণালয় সভায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ২০২৬ সালের জুন-জুলাইয়ে নিরাপত্তা সংস্থাগুলোর মতামত ও আন্তমন্ত্রণালয় সুপারিশ পাওয়ার পর গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভায় এনইআইআর চালুর চূড়ান্ত সুপারিশ করা হয়।

নিরাপত্তা সংস্থাগুলোর মতে, অনিবন্ধিত ও চোরাই হ্যান্ডসেট সংঘবদ্ধ অপরাধ এবং মোবাইল ব্যাংকিং জালিয়াতিতে ব্যবহৃত হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে এনইআইআর ব্যবস্থা চালু করা জরুরি।

এদিকে, ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে শুধু দ্বিতীয় প্রজন্মের (২জি) নেটওয়ার্ক-সমর্থিত হ্যান্ডসেটের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার একটি রূপরেখাও অনুমোদন করেছে বিটিআরসি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অবৈধ ফোন  রাজস্ব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: