পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। সংগৃহীত ছবি ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং প্রযুক্তি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা অনুমতি বা পরিচয় যাচাই ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এতে ওয়েবসাইটের নিয়ন্ত্রণ দখল, গুরুত্বপূর্ণ তথ্য চুরি এবং অনলাইন সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশেও সতর্কতা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাবিষয়ক সংস্থা বিজিডি ই-গভ সার্ট।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে সংস্থাটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সার্ভার ও ওয়েব অ্যাপ্লিকেশন পরীক্ষা করে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত এই নিরাপত্তা দুর্বলতা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দুটি নিরাপত্তা ত্রুটিতে ঝুঁকিতে সার্ভার
বিজিডি ই-গভ সার্টের বিজ্ঞপ্তিতে সিভিই-২০২৬-১০৯৬১৮ ও সিভিই-২০২৬-১০৯৬১৯ নম্বরের দুটি নিরাপত্তা ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। এসব দুর্বলতা কাজে লাগিয়ে আক্রমণকারীরা ঝুঁকিপূর্ণ সার্ভারে দূর থেকে কোড চালানোর সুযোগ পেতে পারে।
এর ফলে সার্ভারের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের হাতে চলে যাওয়া, সংরক্ষিত তথ্য চুরি কিংবা ওয়েবসাইটের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
যেসব সার্ভার ও অ্যাপ্লিকেশন পরীক্ষা করতে হবে
বিজিডি ই-গভ সার্টের পরামর্শ অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোকে প্রথমে তাদের প্রযুক্তিগত অবকাঠামোর কোথায় কোথায় পিএইচপি ব্যবহার করা হচ্ছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। এরপর ব্যবহৃত পিএইচপির সংস্করণগুলো চিহ্নিত নিরাপত্তা ত্রুটির আওতায় রয়েছে কি না, তা যাচাই করতে হবে।
বিশেষভাবে নিচের সার্ভার ও প্রযুক্তিগুলো পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে—
পিএইচপি-এফপিএম
মড-পিএইচপি ব্যবহারকারী অ্যাপাচি সার্ভার
পিএইচপি-সিজিআই
ফ্রাঙ্কেনপিএইচপি
লাইটস্পিডভিত্তিক সার্ভার
কনটেইনার পরিবেশ ও শেয়ারড হোস্টিং
পিএইচপি দিয়ে তৈরি বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন
এসব ব্যবস্থায় নিরাপত্তা দুর্বলতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।
ঝুঁকিতে থাকতে পারে সরকারি ও বাণিজ্যিক সেবা
ওয়েবসাইট পরিচালনার গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে পিএইচপি সরকারি ওয়েব পোর্টাল, অনলাইন সেবা, প্রশাসনিক ব্যবস্থাপনা ও ই-কমার্স প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
তাই পিএইচপিচালিত কোনো সার্ভারে নিরাপত্তার দুর্বলতা থাকলে শুধু ওয়েবসাইট নয়, এর সঙ্গে যুক্ত ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং বিভিন্ন অনলাইন সেবাও ঝুঁকির মুখে পড়তে পারে।
নিরাপদ থাকতে যেসব পদক্ষেপ জরুরি
সাইবার নিরাপত্তার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ব্যবহৃত সফটওয়্যার হালনাগাদ রাখা, নিরাপত্তা প্যাচ প্রয়োগ এবং সার্ভারের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি প্রয়োজন নেই— এমন সেবা সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
সম্ভাব্য ক্ষতি এড়াতে প্রতিষ্ঠানগুলোর উচিত দ্রুত নিজেদের সার্ভার ও ওয়েব অ্যাপ্লিকেশনের নিরাপত্তা যাচাই করা এবং চিহ্নিত দুর্বলতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
সময়ের আলো/ইউএমএইচ