প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৫০ এএম
গ্রাফিক : সময়ের আলোগোল্লাবুড়ি
মাসুম হাসান
গোল গোলাপি গোল্লাবুড়ির
চাঁদের মতো মুখখানা,
পুতুল পুতুল ঠোঁট দুটি তার
কাজলকালো চোখটানা।
যখন তখন মেকাপ নিয়ে
যায় বসে সে সাজতে,
কাছে দূরে গান শুনলেই
করবে শুরু নাচতে।
নামতা ছড়া পড়তে জানে
লিখতে পারে অল্প,
ফুল পাখিদের সাথে খুকি
জমিয়ে করে গল্প।
চাচ্চু যখন গোল্লাবুড়ি
ডাকে ভালোবেসে,
লজ্জা পেয়ে পালায় খুকি
খিলখিলিয়ে হেসে।
পাঠশালায়
সাঈদুর রহমান লিটন
বই-খাতা নিয়ে সাথিদের সাথে
যায় রোজ তারা হাতে হাত রেখে।
আহা, কী যে ভালো লাগে,
ছুটে যায় ফুলের বাগে।
কত ফুল ফোটে, শোভা ছড়ায়,
খুশিমনে সব শিশুরা গায়।
মনোযোগ দিয়ে পড়ে,
জীবনের পথে এগিয়ে চলে।
সারি সারি চলে, প্রাণ জুড়ায়,
পিঠে ব্যাগ নিয়ে, জামা গায়।
সেথায় মিলে মিশে থাকে,
জীবনের সিঁড়ি আঁকে।
পাখির মতো গায় সুরে সুরে,
শিক্ষার আলো ছড়ায় দূরে।
আমাদের ছেলেমেয়েরা
প্রাণ পায় সেথায় গিয়ে।
নতুন আলোর প্রদীপ জ্বলে,
আলো নিতে আসে দলে দলে।
পাঠশালার এই ভুবন
আলোকিত করে সারাক্ষণ।
ডেঙ্গু
মোহাম্মদ শামীম মিয়া
ডেঙ্গু মশার করুণ দশা ভাইরে,
আতঙ্ক ছড়ায় ঘরে-বাইরে।
ঝোপে-ঝাড়ে, পথের ধারে,
এডিস মশা ডিম পাড়ে।
জমে থাকা পানি কিংবা নোংরা নালায়,
বংশ বিস্তার করে, কামড়ায়।
ডেঙ্গু ছড়ায় আজকে সবখানে,
সচেতনতা চাই প্রতিজনে।
তীব্র জ্বর কিংবা মাথাব্যথা,
জীবন কেড়ে নেয়, বাড়ায় ব্যথা।
মশার কামড়ে প্রাণ যায় চলে,
সচেতন হই সবাই মিলে।
ডেঙ্গু রোগীতে ভরা হাসপাতাল,
জীবন হয়ে ওঠে দুর্বিষহ, নাকাল।
ঘুমানোর আগে টানাই মশারি,
পরিষ্কার রাখি চারপাশ বাড়ি।
বনের রাজার বিয়ে
মুহা. জিহাদুল ইসলাম
খোকা-খুকু, কই রে তোরা,
আসছে দেখ, মস্ত ঘোড়া!
আয় রে, ছুটে আয়,
বনের রাজা করবে বিয়ে,
ঘোড়ার পিঠে চড়ে গিয়ে
হিজল বনের গাঁয়।
নাচবে সেথায় বানরছানা,
হাসতে যেন নেইকো মানা।
গাইবে তোতার দল,
সেই খুশিতে নদীর জলে
ঢং দেখাবে নানান ছলে,
করবে কলকল।
ঢোল বাজাবে হাতিরছানা,
চোখ নাকি তার একটি কানা,
চশমা চোখে বেশ!
রাজা পরবে হলুদ জামা,
রং মাখাবে শিয়াল মামা,
সাজের হবে না শেষ!
ফড়িং ফড়িং মন
বাবু হক
ফড়িং ফড়িং মন,
উড়ছে সারাক্ষণ।
উড়ে উড়ে,
ঘুরে ঘুরে,
খোঁজে সবুজ বন!
ফড়িং ফড়িং পাখা,
কৃষ্ণচূড়ায় আঁকা।
ছবি এঁকে,
দেখে দেখে,
স্বপ্ন মনের মাখা।
ফড়িং ফড়িং ফুল,
দুলছে দুলে দুল।
দুলে দুলে,
ফুলের দলে,
ভুলে যাই সব ভুল!
ফড়িং ফড়িং হাসি,
সবাই ভালোবাসি।
ভালোবেসে,
হেসে হেসে,
সবার কাছে আসি।
আমন ধানের খই
শেখ সোহেল রেজা
টিয়ে পাখি, খাবে তুমি
আমন ধানের খই,
আরও দেব দুধের পায়েস,
গামছা বাঁধা দই।
নতুন ধানের চিড়া দেব,
আমার বাড়ি এসো,
নারকেলের নাড়ু দেব,
চুপটি করে বসো।
খুকির সাথে খেলবে তুমি,
পড়বে ছড়ার বই,
কত ছড়া পড়ে খুকি,
চেয়ে দেখো ওই!
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও