নোয়াখালীতে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ ২, একজনের বিরুদ্ধে হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে ঘটে যাওয়া এসব ঘটনায় একজনকে

2026-10-25T12:15:38+00:00
2026-10-25T12:15:38+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ ২, একজনের বিরুদ্ধে হামলার অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:১৫ পিএম 
সোনাইমুড়ী থানা। ছবি : সময়ের আলো
নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে ঘটে যাওয়া এসব ঘটনায় একজনকে গুলি করে আহত করার কারণ জানা যায়নি। অন্যদিকে, বেগমগঞ্জে জামিনে মুক্তি পেয়ে এলাকায় হামলা চালাতে গিয়ে নিজেদের অস্ত্রের গুলিতে এক তরুণ আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন জামাল উদ্দিন (৬০)। এ সময় কালো পোশাক ও হেলমেট পরা কয়েকজন যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বাঁ পা ও ঊরুতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ জামাল উদ্দিন একই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে। তিনি একসময় প্রবাসে ছিলেন। সম্প্রতি নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পোস্টারও লাগিয়েছেন। তার একাধিক ছেলে বর্তমানে প্রবাসে রয়েছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বৃদ্ধ একটি দোকানে বসে ছিলেন। এ সময় দুজন ব্যক্তি হঠাৎ এসে তাকে লক্ষ্য করে গুলি করেন। কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে, বেগমগঞ্জ উপজেলায় গুলিবিদ্ধ হয়েছেন কামরুল হাসান (২৪) নামে এক তরুণ। স্থানীয়দের অভিযোগ, তিনি একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। শনিবার রাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। কামরুল ওই বাড়ির মো. ইউছুফের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, কামরুলের নেতৃত্বে একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত। এসব ঘটনায় কামরুলসহ গ্যাংয়ের একাধিক সদস্যের বিরুদ্ধে থানায় ও আদালতে মামলা চলছে। সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে কামরুল এলাকাবাসীকে হুমকি দিতে থাকেন।

স্থানীয়দের দাবি, শনিবার রাতে কামরুলের নেতৃত্বে একদল ব্যক্তি একটি মামলার বাদী নুর আলমকে গুলি করতে উদ্যত হন। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া করলে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। তখন তাদের হাতে থাকা অস্ত্রের গুলিতে কামরুল আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে।

ঘটনার পর তারা নিজেদের ওপর হামলা হয়েছে বলে প্রচার চালান বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে তাদের দাবি। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে এবং তাদের বিরুদ্ধে হত্যা-সহ একাধিক মামলা রয়েছে। তাদের ভয়ে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছেন বলে দাবি করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, শনিবার রাতে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ থেকে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। তবে দুজনই আশঙ্কামুক্ত।

সময়ের আলো/জোই
  বিষয়:   নোয়াখালী  গুলিবিদ্ধ  হামলা  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: