প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৪২ পিএম
চুনতি অভয়ারণ্যের অভিযানে ৬৫ শতক বনভূমি উদ্ধার। ছবি : সময়ের আলোচট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অভিযান চালিয়ে প্রায় ৬৫ শতক বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। রোববার ও সোমবার (২৫ ও ২৬ অক্টোবর) অভয়ারণ্যের রেঞ্জ কার্যালয়ের পশ্চিম পাশে ও চুনতি বিটের বান্ধা খোলা এলাকায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে এসব উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কার্যালয়ের পশ্চিম পাশে একটি মহল দীর্ঘদিন ধরে প্রায় ৪০ বছর বনভূমি দখল করে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। স্থানীয়ভাবে ‘বাবুইয়ার মায়ের ঘর’ নামে পরিচিত ওই বসতঘরটি অভিযানের মাধ্যমে সম্পূর্ণ অপসারণ করা হয়। এ সময় অবৈধ স্থাপনাসহ প্রায় ৫০ শতক বনভূমি উদ্ধার করা হয়।
অন্যদিকে, অভয়ারণ্যের চুনতি বিটের বান্ধা খোলা এলাকায় পানের বরজ উচ্ছেদ করে আরও ১৫ শতক বনভূমি উদ্ধার করা হয়েছে। দুটি উচ্ছেদ কার্যক্রমে সব মিলিয়ে প্রায় ৬৫ শতক বনভূমি দখলমুক্ত করা হয়।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, বনভূমির সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বন বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। চুনতি অভয়ারণ্যের বনভূমি অবৈধ দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
সময়ের আলো/আতা