প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:১৯ পিএম
ছবি : সংগৃহীতঢাকার পল্টনে সাবেক সিআইডি প্রধান অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পল্টন থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, শনিবার রাত ৮টার দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, ওই ঘটনার সময় ছিবগাত উল্লাহর ছেলে গাড়ির চালকের আসনে ছিলেন বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
‘গাড়ির চালককে আমরা পাইনি, তবে গাড়িটি তার ছেলে চালাচ্ছিল বলে আমরা শুনেছি।’
আহত রিকশাচালক সুলতানকে (৬০) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
এ ঘটনায় ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে গাড়িটি জব্দ করে পল্টন থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান পরিদর্শক শফিকুল।
তিনি বলেন, যাচাই-বাছাই করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/প্রিন্ট/টিকে