প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম
বিপ্লব। ছবি : সময়ের আলেটাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে বিপ্লব (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে শহরের পার্ক বাজার এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন গণপিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, পার্ক বাজার এলাকা থেকে বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।
এদিকে শিশুটির শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন, শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এর আগে শনিবার তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
শনিবার গভীর রাতে ঢাকা থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে প্রয়োজনে তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করার কথা জানান তিনি। একই সঙ্গে চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা যে আলামত পেয়েছেন, তাতে বলা যায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। যৌনাঙ্গের পর্দা ছিঁড়ে গেছে। এ ছাড়া নাক ফেটে গেছে। ঠোঁট, নাক ও মুখে একাধিক সেলাই দিতে হয়েছে।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ীর চতুর্থ তলায় চিপসের লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নেয় বিপ্লব। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। শিশুটি বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
সময়ের আলো/জোই