প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম
ছবি : সংগৃহীতইয়েমেনের তাইজ শহর ও প্রদেশে অবরোধের কারণে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। সেখানে খাদ্য ও চিকিৎসাসামগ্রী প্রবেশ করতে পারছে না। সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাস্থ্য খাত। হাসপাতালে আহত ব্যক্তিদের আসা অব্যাহত থাকলেও প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষাগারের উপকরণ ও স্যালাইনের সংকট দেখা দিয়েছে।
প্রদেশটির গভর্নর এরই মধ্যে অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসাসেবা দিতে না পেরে ১২০টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। আরও ৬০টি হাসপাতাল একই পরিণতির মুখে রয়েছে। বর্তমানে অল্প কয়েকটি হাসপাতাল সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু রাখতে পারছে, তাও স্বাভাবিক সক্ষমতার অর্ধেক দিয়ে।
জ্বালানিসংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম চালাতে বিদ্যুৎ ও জ্বালানিচালিত জেনারেটরের ওপর নির্ভর করতে হয়। এসব জেনারেটর সার্বক্ষণিক চালু রাখতে পর্যাপ্ত জ্বালানি প্রয়োজন। কিন্তু গতকাল থেকেই জ্বালানির মজুত কমতে শুরু করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে কয়েক ঘণ্টার মধ্যেই প্রদেশটির বাসিন্দারা গুরুতর চিকিৎসাজনিত জটিলতায় পড়তে পারেন। বিশেষ করে কিডনি, হৃদ্রোগ ও ক্যানসারে আক্রান্ত রোগীদের পাশাপাশি জরুরি বিভাগ ও অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে—এমন রোগীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।
সূত্র : আল জাজিরা
সময়ের আলো/জেডি