প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম
ছবি : সংগৃহীতমধ্যপ্রাচ্যে সশস্ত্র হামলার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং অঞ্চলটিতে মার্কিন সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ইরানের কথিত প্রচেষ্টার বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
শনিবার (৭ নভেম্বর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত মার্কিন মিশন মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং অন্যান্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ‘ইরান-সমর্থিত হুথিদের সশস্ত্র হামলার ঝুঁকি বৃদ্ধি এবং এ অঞ্চলে মার্কিন সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ইরানের প্রচেষ্টার কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।’
এর আগে সৌদি আরবে হুথিদের হামলার বিষয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে হতাহতের পাশাপাশি ভ্রমণ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ আগেও সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত আরও ছড়িয়ে পড়তে পারে। বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান ইরান এবং দেশটির মিত্র গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তু হতে পারে।
সময়ের আলো/জেডি