প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম
ছবি : সংগৃহীতইরানের উন্নত অস্ত্র পরিবহন ঠেকাতে নতুন টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। স্থলপথ ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে এসব সামগ্রী আনা-নেওয়া বন্ধ করাই হবে এই দলের মূল লক্ষ্য।
শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠনের নির্দেশ দেন। ফ্লোরিডার টাম্পায় অবস্থিত এই দলে প্রায় ২০ জন বেসামরিক ও সামরিক সদস্য থাকবেন।
যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে টাস্কফোর্সটি। ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, দ্বৈত ব্যবহারের উপযোগী প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রী এবং অবৈধ অর্থের প্রবাহ সীমিত করার দায়িত্ব থাকবে তাদের।
ব্র্যাড কুপার বলেন, এই উদ্যোগ ইরানের সামরিক সরঞ্জাম ও অর্থায়নের সক্ষমতা সীমিত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে আরও জোরদার করবে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সেন্টকমের সহযোগিতা বাড়ালে সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত পুনরায় পূরণ করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও সীমিত হবে।’
সময়ের আলো/জেডি