প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২২ এএম
একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। ছবি : সংগৃহীত৩০ টাকা কেজি দরে চাল পাবেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কার্যক্রম চালু করেছে সরকার।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ নভেম্বর) থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এ কর্মসূচির আওতায় চাল বিক্রি শুরু হয়েছে। তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য নির্ধারিত ট্রাক থেকে এসব চাল বিক্রি করা হচ্ছে।
সপ্তাহের প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে এ কার্যক্রম পরিচালিত হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।
চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে তাদের স্বাক্ষর নেওয়া হবে। এর মাধ্যমে চাল বিক্রির ক্ষেত্রে শ্রমিকদের পরিচয় ও ক্রয়ের তথ্য যাচাই করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে মোট ৭৫টি ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বরাদ্দ রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর এ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দলও গঠন করা হয়েছে।
সময়ের আলো/এসকে