হিলি রেলস্টেশনে থামল আন্তঃনগর ট্রেন, পূরণ হলো দীর্ঘদিনের দাবি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর। স্বাধীনতার পর প্রথমবারের মতো হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস

2026-11-15T16:55:49+00:00
2026-11-15T16:55:49+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
হিলি রেলস্টেশনে থামল আন্তঃনগর ট্রেন, পূরণ হলো দীর্ঘদিনের দাবি
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম 
হিলি রেলস্টেশনে থামল আন্তঃনগর ট্রেন। ছবি : সময়ের আলো
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর। স্বাধীনতার পর প্রথমবারের মতো হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ও ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। এর মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্টেশনজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের হিলি রেলস্টেশনে যাত্রাবিরতির মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় ট্রেনের চালক, কর্মী ও যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি তাদের মিষ্টিমুখ করানো হয়।

হিলি রেলস্টেশন সূত্রে জানা গেছে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও সম্ভাব্য রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৮ অক্টোবর হিলি স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। অনুমোদনের পর রোববার থেকে ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেসের হিলি স্টেশনে বিকেল ২টা ৩০ মিনিটে যাত্রাবিরতির কথা রয়েছে।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং বর্তমান সরকারের সমাজকল্যাণ ও নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়িত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

স্টেশনে উপস্থিত এক নারী যাত্রী বলেন, দীর্ঘদিন পর হিলি থেকেই চিলাহাটি এক্সপ্রেসে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। আগে ঢাকায় যেতে বিরামপুর অথবা জয়পুরহাটের স্টেশনে যেতে হতো। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হতো। এখন সেই ভোগান্তি থেকে মুক্তি মিলেছে।

আরেক যাত্রী বলেন, হিলি স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনে ঢাকায় যাচ্ছেন ছেলের সঙ্গে দেখা করতে। দীর্ঘদিনের অপেক্ষার পর নিজ এলাকা থেকে ট্রেনে যাতায়াতের সুযোগ পাওয়াটা তার কাছে অনেক আনন্দের।

হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোর একটি হিলি। প্রায় শত বছরের পুরোনো এ স্টেশনে দীর্ঘদিন কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ আন্দোলন এবং সংসদ সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের আন্তরিক প্রচেষ্টায় নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী ও রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।


তিনি আরও বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর ফলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন তারা।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, বিএনপি সরকারের আগের মেয়াদে এ স্টেশনে রাজশাহী ও চিলাহাটিগামী বরেন্দ্র ও তিতুমীর ট্রেনের যাত্রাবিরতি চালু হয়েছিল। তবে পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায়। জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হিলিবাসীর এ দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিন হাজার মানুষের গণস্বাক্ষরসহ বিভিন্ন উদ্যোগ এবং তার প্রচেষ্টায় অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এ রেলস্টেশনে স্বাধীনতার পর থেকে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী পাসপোর্টধারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ট্রেনে উঠতে বিরামপুর কিংবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যেতে হতো। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তিতে পড়তে হতো তাঁদের।

নতুন এ উদ্যোগের ফলে রাজধানী ঢাকার সঙ্গে হিলির সরাসরি রেল যোগাযোগ সহজ হবে। একই সঙ্গে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য, ইমিগ্রেশন কার্যক্রম ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সময়ের আলো/জোই



  বিষয়:   হিলি রেলস্টেশন  চিলাহাটি এক্সপ্রেস  নীলসাগর এক্সপ্রেস  আন্তঃনগর ট্রেন  হিলি স্থলবন্দর  দিনাজপুর  এ জেড এম জাহিদ হোসেন  রেলওয়ে  ট্রেনের যাত্রাবিরতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: