প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম
বোদা থানা। ছবি : সংগৃহীতপঞ্চগড়ের বোদা উপজেলায় বসতবাড়িতে চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য হিসেবে মোট ৯টি মামলার আসামি ছিলেন।
রোববার (১৫ নভেম্বর) ভোররাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে লস্করপাড়া গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে নাজমুল হক বিশারুকে হাতেনাতে ধরে ফেলে বাড়ির লোকজন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী জড়ো হয়ে তাকে মারধর শুরু করেন। উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান,বিশারুর বিরুদ্ধে অতীতে ৯টি চুরির মামলা রয়েছে। গণপিটুনিতে তার মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/এনএন