প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:১৮ এএম
গ্রাফিক : সময়ের আলো রাজধানীর শাহজাদপুরে পপুলার হাসপাতালের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দৌড়ে পালানোর সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে প্রথমে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর ঘটনাটি অস্বীকার করেন। তিনি জানান, তার থানা এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি বাড্ডা থানা এলাকায় ঘটেছে বলে দাবি করেন তিনি।
পরে বিষয়টি স্বীকার করে ওসি জানান, বিস্ফোরণের পর দৌড়ে পালানোর সময় ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তিনজনকে আটক করেন। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল ইসলাম জানান, আটক তিনজনকে গুলশান থানা পুলিশ নিয়ে গেছে। তবে শাহজাদপুর পপুলার হাসপাতাল তার থানার আওতাধীন নয় বলেও জানান তিনি।
সময়ের আলো/আতা