প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম
মঙ্গলবার সকালে মিরপুর-১ ও মিরপুর-১১ নম্বর এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন পোশাক শ্রমিকেরা । ছবি : সংগৃহীতন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে নেমে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকালে মিরপুর-১ ও মিরপুর-১১ নম্বর এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। এ সময় মিরপুর-১ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাকশ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হন তারা। সেখানে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময়, শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। তবে শ্রমিকেরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও ১০ নম্বরের মধ্যবর্তী এলাকার বিভিন্ন অলিগলিতে চলে যান।
পরে, যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন পুলিশ সদস্যরা। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।
ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাকশ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে মিরপুর-১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করা হয়। এ সময় লাঠি ফেলে শান্তিপূর্ণভাবে সরে যেতে শ্রমিকদের বারবার অনুরোধ করা হয়।
তিনি আরও বলেন, শ্রমিকেরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। জনদুর্ভোগ কমানো এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে, একই দাবিতে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনসংলগ্ন এলাকাতেও সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ জন্য মাইকিংও করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/এসকে