প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম
চট্টগ্রামের বাকলিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অলাভজনক ‘হোপওয়েল হসপিটালস’। ছবি : সময়ের আলোসুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের বাকলিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অলাভজনক ‘হোপওয়েল হসপিটালস’ (বিএইচএইচ)। বুধবার (১৮ নভেম্বর) সকালে বাকলিয়া অ্যাক্সেস রোডের ‘গ্রিন লিফ টাওয়ার’-এর দ্বিতীয় তলায় এই হাসপাতালটির উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটি উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০ নভেম্বর থেকে এখানে পুরোদমে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে। এখানে সুবিধাবঞ্চিত জনসাধারণ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ, ডায়াগনস্টিক পরীক্ষা ও ফিজিওথেরাপি সেবা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. জিয়াউদ্দীন বলেন, দেশের রোগীদের চিকিৎসার ব্যয়ের প্রায় ৭৪ শতাংশই নিজেদের পকেট থেকে খরচ করতে হয়। এছাড়া জরুরি স্বাস্থ্য সংকটের কারণে প্রতি বছর প্রায় আট লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যান।
তিনি আরও উল্লেখ করেন, সরকার স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ ৬৪ শতাংশ বাড়ালেও অন্যান্য খাতের ব্যয়ের তুলনায় স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এখনো সম্ভব হয়নি। এ সময় তিনি স্বাস্থ্যসেবায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন এবং অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বিএসআরএম-এর এই উদ্যোগের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি করোনাকালে বিএসআরএম-এর সহায়তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার সুযোগ বাড়লে তা স্বল্প আয়ের মানুষের ওপর থেকে আর্থিক চাপ অনেকাংশে কমাতে সাহায্য করবে।
বিএসআরএম-এর চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী জানান, ভবিষ্যতে একটি বিশেষায়িত কিডনি হাসপাতাল ও ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে তাদের, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ডায়ালাইসিস সেবা দেওয়া হবে। তিনি বলেন, এই হাসপাতালে কোনো ক্যাশ কাউন্টার থাকবে না; রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে সেবা গ্রহণ করবেন।
উল্লেখ্য, বিএসআরএম এর আগে ২০১৬ সালের জুন মাসে মীরসরাইয়ে এবং ২০২৪ সালের ডিসেম্বরে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় তাদের প্রথম ও দ্বিতীয় চিকিৎসা কেন্দ্র চালু করেছিল। কেন্দ্র দুটি যথাক্রমে বছরে ১৫ হাজারেরও বেশি এবং ৯ হাজার ১০০ জন রোগীকে সেবা দিয়ে আসছে। বাকলিয়ায় চালু হওয়া এই নতুন কেন্দ্রটি বন্দরনগরীজুড়ে প্রতিষ্ঠানটির সেবার পরিধি আরও অনেকদূর বিস্তৃত করবে।
সময়ের আলো/আতা