ছবি : সংগৃহীত দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে প্রায় ৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট এবং ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হতে পারে। এ ছাড়া বিভিন্ন নন-মেডিক্যাল পদসহ প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
তবে বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে শূন্য পদের হিসাবে অসংগতি রয়েছে। এ কারণে প্রকৃত শূন্য পদের সংখ্যা নির্ধারণে দেশের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেন, ‘আমরা শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চেয়েছি। তথ্য পাওয়ার পর সেগুলো একত্র করে নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করব।’
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
অধ্যাপক রুমি আরও জানান, জেলা পর্যায়েও স্বাস্থ্য সহকারী নিয়োগের কার্যক্রম চলছে। কিছু এলাকায় এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আবার কোথাও তা এখনো চলমান। কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগপ্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগছে।
তিনি বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিক্যাল পদে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা নির্ধারণ করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পিএসসির মানদণ্ড অনুসরণ করা হবে বলে জানান অধ্যাপক রুমি।
তিনি আরও বলেন, বিসিএস ক্যাডারের চিকিৎসক—মেডিক্যাল ও ডেন্টাল স্নাতকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়ে থাকে। এ ছাড়া সপ্তম ও নবম গ্রেডের কিছু নন-মেডিক্যাল পদও এই কমিশনের মাধ্যমে পূরণ করা হয়।
এদিকে, কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার (টিইএমও) পাশাপাশি বিভাগীয় পর্যায়ের দফতরগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির কাজ চলছে বলেও জানান অধ্যাপক রুমি।
সময়ের আলো/এসএকে