ছবি : সংগৃহীত জর্ডানের একটি পোশাক কারখানায় ৩৫ জন দক্ষ নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। মেশিন অপারেটর পদে এসব কর্মী নেওয়া হবে। পদটিতে মাসিক মূল বেতন ১৩০ জর্ডানিয়ান দিনার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার ৮৫০ টাকা।
বোয়েসেলের মাধ্যমে জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ১৭ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি অন্তত দুটি মেশিন চালানোর দক্ষতাও প্রয়োজন।
বয়স ও যোগ্যতা
আগ্রহী নারী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে। মেশিন অপারেটর হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি নির্ধারিত দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১৩০ জর্ডানিয়ান দিনার। ২০ নভেম্বরের বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২২ হাজার ৮৫০ টাকা।
এ ছাড়া কর্মীদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে নিয়োগকর্তা। চাকরিতে যোগ দিতে জর্ডানে যাওয়ার বিমানভাড়া এবং তিন বছরের চুক্তি শেষে দেশে ফেরার বিমানভাড়াও বহন করবে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন কর, ভ্যাট, নিবন্ধন ফি, জীবনবিমা ও ওয়েজ আর্নার্স কল্যাণ ফিসহ নিয়োগসংক্রান্ত অন্যান্য খরচও নিয়োগকর্তা বহন করবে।
কাজের সময় ও চুক্তির মেয়াদ
প্রতিদিন আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। অতিরিক্ত সময় কাজ বা ওভারটাইমের সুযোগ থাকলেও তা ঐচ্ছিক। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। পরবর্তী সময়ে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে।
সাক্ষাৎকার ও প্রয়োজনীয় কাগজপত্র
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের ২০ নভেম্বর সকাল ৮টার মধ্যে ঢাকার মিরপুরের দারুস সালাম রোডে মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার ও দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
সাক্ষাৎকারের জন্য চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট, পাসপোর্টের ছবিযুক্ত অংশের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখতে বলা হয়েছিল। বর্তমানে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে ওই প্রতিষ্ঠানের পরিচয়পত্রও সঙ্গে নিতে হতো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, মেডিকেল পরীক্ষা বাবদ ১ হাজার টাকা, পিডিও প্রশিক্ষণের জন্য ৩০৫ টাকা, আঙুলের ছাপের জন্য ২০০ টাকা এবং অঙ্গীকারনামার স্ট্যাম্প বাবদ ৫০০ টাকা প্রাথমিকভাবে প্রার্থীকে দিতে হবে। তবে চূড়ান্তভাবে জর্ডানে যাওয়া কর্মীদের এসব খরচ নিয়োগকর্তা পরে পরিশোধ করবেন।
আবেদনের সময়সীমা
নিয়োগের জন্য সাক্ষাৎকার ও দক্ষতা যাচাই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০ নভেম্বর। ফলে এই নিয়োগে নতুন করে আবেদন বা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ এখনো রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ধরনের নিয়োগের পরবর্তী বিজ্ঞপ্তি ও হালনাগাদ তথ্য জানতে বোয়েসেলের সরকারি ওয়েবসাইট এবং অনলাইন নিয়োগ পোর্টাল দেখতে পারেন আগ্রহীরা।
সময়ের আলো/এসএকে