ইরানি হামলায় মার্কিন রাডার ও ড্রোন ধ্বংসের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন

2026-11-22T23:22:31+00:00
2026-11-22T23:22:31+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানি হামলায় মার্কিন রাডার ও ড্রোন ধ্বংসের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:২২ পিএম 
যুক্তরাষ্ট্রের দুটি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের দুটি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। অন্যদিকে, ইরানি হামলায় দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন লাগা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে বাহরাইন সরকার। খবর টাইমস অব ইন্ডিয়া ও আলজাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। আইআরজিসির দাবি, ওই হামলায় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুটি রাডার সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা এবং যুদ্ধ ড্রোন বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছে। পাশাপাশি ইরানের হেঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় মার্কিন হামলার জবাব দিতেই এ অভিযান চালানো হয়েছে।

এর আগে হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ড্রোন ভূপাতিত করা এবং বাহরাইনে প্যাট্রিয়ট রাডারে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইরান। ওই ফুটেজে মার্কিন সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়, এবারও যেন তারা সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি অস্বীকার করে বিবৃতি দেয়।

এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা ও জুফায়ার এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার দাবি, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধক ক্ষেপণাস্ত্র যান্ত্রিক ত্রুটির কারণে সিত্রা দ্বীপে বিধ্বস্ত হয়। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ‘ইরানি আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, হামলায় একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন ধরে যায় এবং বস্তুগত ক্ষয়ক্ষতি হয়। তবে এতে কেউ হতাহত হননি। খবর পাওয়ার পরপরই সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর থাকা বাহরাইন একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

গত এক সপ্তাহে বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা এবং মার্কিন ড্রোন ভূপাতিত করার মধ্য দিয়ে নিজেদের সামরিক তৎপরতা বাড়িয়েছে তেহরান। একই সঙ্গে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র কিংবা কূটনীতির মধ্যে যেকোনো একটি পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।


বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির পাবলিক পলিসি ফেলো এবং ওয়াশিংটন ডিসির আরব সেন্টারের জ্যেষ্ঠ ফেলো রামি খৌরি আলজাজিরাকে বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং যুদ্ধের ভোগান্তি পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দেওয়াই এসব হামলার উদ্দেশ্য। পণ্য পরিবহনের ব্যয় বাড়ানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে চাপ তৈরির মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতেও পরোক্ষভাবে প্রভাব ফেলা হচ্ছে।

তার মতে, মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ক্ষতি শুধু ইরানকে একা বহন করতে হবে না, তা নিশ্চিত করাই তেহরানের কৌশলের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র নিজের ও আরব মিত্রদের সামরিক স্থাপনা রক্ষায় ব্যর্থ হচ্ছে—এমন চিত্র তুলে ধরে মার্কিন নীতিতে পরিবর্তন আনতে চায় ইরান। এর মাধ্যমে আরব দেশগুলো যেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করে, সেটিও তেহরানের লক্ষ্য।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দেশটির সংবাদমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক অবরোধকে যুদ্ধেরই অংশ হিসেবে দেখে ইরান। তিনি বলেন, ‘আমরা এই অর্থনৈতিক অবরোধকে শত্রুতামূলক পদক্ষেপ মনে করি এবং এই অবরোধ ভাঙতে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেব।’

মার্কিন নৌ অবরোধ, স্থলপথে বাণিজ্যে বাধা এবং গত আগস্টে অপারেশন ইকোনমিক আউটকাস্টের আওতায় আরোপ করা নতুন নিষেধাজ্ঞার কারণে ইরান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরের নেতৃত্ব দেওয়া মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, এসব নিষেধাজ্ঞার ফলে ২০২৭ সালের মার্চ নাগাদ ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হবে।

ইরানি কর্তৃপক্ষ অর্থনৈতিক চাপ সামলে নেওয়ার দাবি করলেও বর্তমান পরিস্থিতিতে দেশটির অর্থনীতি ও সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি আলজাজিরাকে বলেন, ওয়াশিংটনে যুদ্ধের ব্যর্থতা হিসেবে বিবেচিত হতে পারে—এমন কোনো চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষর করার সম্ভাবনা কম। বরং চুক্তি না করেই বিজয় ঘোষণা করে যুদ্ধ থেকে সরে আসতে পারেন তিনি।

তবে ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত থাকলে সামরিক সংঘাত আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন পারসি। তাঁর ভাষায়, ‘তিনি যদি অবরোধ চালিয়ে যান, তবে সংঘাত আরও বাড়বে।’ নতুন করে যুদ্ধ ছাড়াই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে ট্রাম্পকে ধীরে ধীরে এবং নীরবে অবরোধ ও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে মনে করেন তিনি।

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আহমাদিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইরান ট্রাম্পকে দুটি পথের একটিকে বেছে নিতে বাধ্য করছে। যুক্তরাষ্ট্র যদি তেলবাহী ট্যাঙ্কারগুলো চলাচল করতে দেয়, তাহলে কোনো চুক্তি বা যুদ্ধ ছাড়াই মার্কিন অবরোধের অবসান ঘটবে। আর যুক্তরাষ্ট্র যদি জাহাজগুলোতে হামলা চালায়, তাহলে ইরান এমন জবাব দেবে, যা ট্রাম্পের পক্ষে এড়িয়ে যাওয়া কঠিন হবে।

এদিকে শনিবার ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে দেশটির সঙ্গে একটি ‘স্থায়ী’ চুক্তি করার পরিকল্পনা রয়েছে তাঁর। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন নিয়ে তাঁর কখনোই খুব বেশি আগ্রহ ছিল না। দেশটির নতুন নেতৃত্বকে তিনি ‘অধিকতর যৌক্তিক’ বলেও মনে করেন।


সময়ের আলো/ইউএমএইচ




  বিষয়:   ইরান  হামলা  মার্কিন রাডার  ড্রোন  ধ্বংস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: