বাইডেনের আমলে পাস হওয়া আইন অসাংবিধানিক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে পাস হওয়া ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের একটি ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির

2026-11-23T13:16:57+00:00
2026-11-23T13:24:26+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাইডেনের আমলে পাস হওয়া আইন অসাংবিধানিক ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:১৬ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ১:২৪ পিএম
ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে পাস হওয়া ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের একটি ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত। আইনটি পাসের সময় অনেক আইনপ্রণেতা নিজে উপস্থিত না থেকে অন্য সদস্যদের মাধ্যমে ভোট দিয়েছিলেন। আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকদের মতে, এ ধরনের প্রক্সি ভোট কংগ্রেসের কোরাম পূরণের জন্য গণনা করা যায় না।

করোনাভাইরাস মহামারির সময় সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় কংগ্রেসের সদস্যদের প্রক্সি ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এই বিশেষ ব্যবস্থার আওতায় ২০২২ সালে বিলটি পাস হয়।

শুক্রবার ৯-৮ ভোটে দেওয়া রায়ে আপিল আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী কংগ্রেসের অধিবেশনে কোরাম পূরণের জন্য সদস্যদের প্রক্সি ভোট গণনা করা যায় না। তাই আইনটি পাসের প্রক্রিয়া অসাংবিধানিক ছিল। এর আগে ২০২২ সালে একজন জেলা আদালতের বিচারকও একই সিদ্ধান্ত দিয়েছিলেন।

২০২২ সালে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের সমন্বিত ব্যয় বিলটি প্রতিনিধি পরিষদে ২২৫ ভোট পরে। এর মধ্যে ২০১ ভোটে বিলটি পাস হয়। ভোটের সময় একজন সদস্য অনুপস্থিত ছিলেন।

ট্রাম্পের নিয়োগ দেওয়া বিচারপতি কোরি উইলসনের লেখা সংখ্যাগরিষ্ঠের রায়ে বলা হয়, প্রক্সি ভোটের ব্যবস্থা চালু রাখার পক্ষে সরকার কোনো ‘জরুরি পরিস্থিতির অস্তিত্ব’ প্রমাণ করতে পারেনি।

২০২৩ সালে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এ মামলা করেন। টেক্সাসে ‘প্রেগন্যান্ট ওয়ার্কার্স ফেয়ারনেস অ্যাক্ট’-এর প্রয়োগ বন্ধ করাই ছিল তার আবেদনের উদ্দেশ্য। এ আইনে নির্দিষ্ট কিছু নিয়োগকর্তাকে গর্ভবতী কর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে। শুক্রবারের রায়ে প্যাক্সটনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, আইনটি পাসের প্রক্রিয়াকে অসাংবিধানিক ঘোষণা করা হলে এর প্রভাব অন্য আইনেও পড়তে পারে। কারণ, প্রক্সি ভোটের মাধ্যমে পাস হওয়া আরও অনেক আইন রয়েছে।

শ্রমিক অধিকারবিষয়ক সংস্থা ‘এ বেটার ব্যালান্স’-এর সভাপতি ইনিমাই চেটিয়ার বলেন, ফিফথ সার্কিটের আওতাভুক্ত রাজ্যগুলোতে গর্ভবতী কর্মীদের অধিকার রক্ষায় এ রায়ের বড় প্রভাব পড়তে পারে। আইনটির বিধান তৈরিতে তার সংস্থা আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করেছিল।


চেটিয়ার বলেন, এসব রাজ্যের কোনো কর্মী কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা চাইলে এবং নিয়োগকর্তা তা দিতে অস্বীকার করলে, পরবর্তী সময়ে ওই কর্মী মামলা করতে পারেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা আদালতের বিচারক এই রায়ের উল্লেখ করতে পারেন। তার মতে, আইনটি অসাংবিধানিকভাবে প্রণীত হয়েছে—আদালতের এই সিদ্ধান্ত মামলার নির্দিষ্ট গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।

তবে সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা তাদের রায়ে বলেছেন, এ সিদ্ধান্তের প্রয়োগের ক্ষেত্র সীমিত। এটি শুধু টেক্সাসে আইনটির কার্যকারিতার ক্ষেত্রে প্রযোজ্য।

অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া বিচারপতি জেমস গ্রেভস জুনিয়র ভিন্নমত দিয়েছেন। তার মতে, সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা মার্কিন সংবিধানের কোরাম-সংক্রান্ত ধারার ভুল ব্যাখ্যা করেছেন।

গ্রেভস লিখেছেন, ভোটের সময় প্রয়োজনীয় সংখ্যক সদস্য শারীরিকভাবে উপস্থিত না থাকলেও কোরাম নিয়ে কোনো সদস্য আপত্তি জানাননি। সংবিধানে আইনপ্রণেতাদের শারীরিক উপস্থিতি বাধ্যতামূলক করার মতো অতিরিক্ত শর্ত আরোপ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

২০২২ সালের ওই ব্যয় বিলে বিভিন্ন ফেডারেল সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি ইউক্রেন ও ন্যাটোর মিত্রদেশগুলোর জন্য প্রায় ৪৫ বিলিয়ন ডলার জরুরি সহায়তা রাখা হয়েছিল। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় ৪০ বিলিয়ন ডলার।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাইডেন  পাস  ব্যয় আইন  অসাংবিধানিক  মার্কিন আদালত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: