সংগৃহীত ছবিতুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) দীর্ঘ আলোচনার পর অচলাবস্থা কেটেছে। নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির বিষয়ে অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোববার একটি নতুন সমঝোতা প্যাকেজ ঘোষণার মধ্য দিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে। বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কীভাবে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে ঐকমত্য তৈরিতে এই প্যাকেজকে গুরুত্বপূর্ণ মনে করছে সম্মেলনের সভাপতি দেশ অস্ট্রেলিয়া ও আয়োজক দেশ তুরস্ক।
কপ৩১ সম্মেলনের আলোচনার সভাপতি তুরস্কের মুরাত কুরুম শনিবার গভীর রাতে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ অধিবেশনে বলেন, ‘আমরা এমন একটি প্রস্তাব উপস্থাপন করেছি, যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে বলেই বিশ্বাস।’ চুক্তিটি অনুমোদনের বিষয়ে আলোচনা করতে রোববার সকালে আবারও অধিবেশন বসার ঘোষণা দেন তিনি।
এর আগে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য নির্ধারিত সময়সীমা শুক্রবার পার হলেও আলোচকরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। শনিবার দিনভর আলোচনা চললেও অচলাবস্থা কাটেনি। শেষ পর্যন্ত আলোচনা গড়ায় রোববারের প্রথম প্রহর পর্যন্ত।
নতুন চুক্তির খসড়ায় আগের প্রস্তাবের কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে কোনো পদক্ষেপের উল্লেখ না থাকায় অনেক দেশ লক্ষ্যমাত্রার ঘাটতি নিয়ে উদ্বেগ জানিয়েছিল। মুরাত কুরুম বলেন, নতুন প্রস্তাবে জীবাশ্ম জ্বালানি নিয়ে উদ্বেগ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন সহায়তার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
সম্মেলনে আলোচনার নেতৃত্বদানকারী অস্ট্রেলিয়া, আয়োজক তুরস্ক এবং বিশ্বের প্রায় ২০০টি দেশের প্রতিনিধিদের মধ্যে নিবিড় আলোচনার পর নতুন খসড়াটি তৈরি করা হয়। এসব দেশের মধ্যে ধনী-দরিদ্র, বৃহৎ ও ক্ষুদ্র অর্থনীতির দেশ রয়েছে।
চুক্তির বিষয়ে কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য প্রতিনিধি দলগুলোকে বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর দুপুর ১২টার দিকে চুক্তি অনুমোদনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক চাহিদা কমানোর বিষয়ে কোনো উল্লেখ না থাকায় সর্বশেষ চুক্তির খসড়ার বিরোধিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোসহ কয়েকটি দেশ। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কার্যক্রমের জন্য আরও অর্থায়নের নিশ্চয়তা চেয়েছে আফ্রিকান দেশগুলোর জোট। যদিও ইইউ আগেই জানিয়েছে, তারা এ ধরনের প্রস্তাব সমর্থন করবে না।
ইউরোপীয় কমিশনের জলবায়ুবিষয়ক কমিশনার ওয়াপক হুকস্ট্রা বলেন, ‘জলবায়ু কার্যক্রমের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চিত করতে না পারলে ইউরোপীয় ইউনিয়ন কোনো চুক্তিতে সম্মত হবে না।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সামনে মূল চ্যালেঞ্জ ছিল এমন একটি সমঝোতায় পৌঁছানো, যেখানে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর চাহিদার পাশাপাশি জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ওপর নির্ভরশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়। এ প্রচেষ্টায় তুরস্কও সহযোগিতা করছে।
এ বছরের জলবায়ু সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা জানিয়েছে, প্রাক্-শিল্প যুগের তুলনায় বিশ্বের গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার পথে রয়েছে। এক দশক আগে প্যারিস জলবায়ু সম্মেলনে (কপ২১) বিশ্বের সব দেশ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে সম্মত হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধির এই সীমা অতিক্রম করলে চরম আবহাওয়াজনিত দুর্যোগের প্রভাব আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
এদিকে নির্ধারিত সময়ে চুক্তি চূড়ান্ত না হওয়ায় রোববার সকালে নিজ দেশে ফেরার কথা ছিল, এমন অনেক আলোচক তাদের ফ্লাইট সোমবার পর্যন্ত পিছিয়ে নিয়েছেন।
জাতিসংঘের জলবায়ু আলোচনার প্রক্রিয়া অনুযায়ী, যেকোনো চুক্তি চূড়ান্ত করতে সব দেশের ঐকমত্য প্রয়োজন। দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে আলোচনা স্থগিত হয়ে যাবে এবং কোনো চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হবে। সে ক্ষেত্রে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে আগামী বছরের জলবায়ু সম্মেলনে।
সময়ের আলো/ইউএমএইচ