প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩২ পিএম
এফবিআইয়ের একটি গুরুত্বপূর্ণ ডেটাবেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর একটি গুরুত্বপূর্ণ ডেটাবেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংস্থাটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি ডেটাবেজটি হ্যাক হওয়ার তথ্য জানিয়েছেন।
হ্যাক হওয়া ডেটাবেজটি একটি জাতীয় তথ্যভান্ডার, যা অপরাধসংক্রান্ত তথ্য আদান-প্রদানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ব্যবহার করে থাকে। ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার (এনসিআইসি) নামের এই তথ্যভান্ডারে অনুপ্রবেশের ঘটনা সত্য হলে সাম্প্রতিক মাসগুলোতে এফবিআইয়ের কোনো সিস্টেমে এটি হবে দ্বিতীয় সাইবার হামলা।
সিএনএনের বরাতে সিএনবিসি ও রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও ডেটাবেজ হ্যাক হওয়ার খবর প্রকাশ করেছে। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে বক্তব্য জানতে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও সংস্থাটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এনসিআইসি তথ্যভান্ডারে গ্রেফতারি পরোয়ানা, অপরাধের ইতিহাস এবং ব্যক্তির পরিচয় যাচাইসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও আদান-প্রদান করা হয়।
এদিকে গত এক সপ্তাহে বিশ্বজুড়ে বেশ কয়েকটি সাইবার ও প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা আলোচনায় এসেছে। এর মধ্যে মাইক্রোসফটের সেবা বিঘ্নিত হওয়ার ঘটনাও রয়েছে। এ ছাড়া উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ১৮ হাজারের বেশি ফ্লাইট ব্যাহত হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ