এতদিন এসব দুর্বলতা অনেকটাই আড়ালে থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে এখন সেগুলো একের পর এক সামনে আসছে। সংগৃহীত ছবি আধুনিক বিশ্বের ব্যাংকিং, যোগাযোগ, বিমান চলাচল ও সরকারি সেবাসহ প্রায় সব গুরুত্বপূর্ণ কার্যক্রমই এখন ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভরশীল। অথচ এসব ব্যবস্থার ভেতরে রয়ে গেছে কয়েক দশকের পুরোনো অসংখ্য নিরাপত্তা ত্রুটি। এতদিন এসব দুর্বলতা অনেকটাই আড়ালে থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে এখন সেগুলো একের পর এক সামনে আসছে। সমস্যা হলো, যে গতিতে এসব ত্রুটি শনাক্ত হচ্ছে, সেই গতিতে সেগুলো সমাধানের সক্ষমতা তৈরি হয়নি। উল্টো তড়িঘড়ি করে নিরাপত্তা হালনাগাদ করতে গিয়ে নতুন করে প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিচ্ছে।
এর একটি উদাহরণ ‘আপলোডটুশেল’ নামের নিরাপত্তা ত্রুটি। ইন্টারনেটে বহুল ব্যবহৃত ডকুমেন্ট ও ছবি প্রক্রিয়াকরণ সফটওয়্যার ‘ঘোস্টস্ক্রিপ্ট’-এর প্রায় ৩৮ বছরের পুরোনো দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা একটি ফাইল আপলোডের মাধ্যমেই গুগল, জুমসহ হাজারো প্রতিষ্ঠানের সার্ভারে প্রবেশ করতে পারত। সাইবার নিরাপত্তা গবেষক পাওলোস ইবেলো এআইয়ের সহায়তায় সফটওয়্যারটির ফাইল আপলোড প্রক্রিয়া বিশ্লেষণ করে এই ত্রুটি শনাক্ত করেন। তার সতর্কবার্তার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দ্রুত সফটওয়্যার হালনাগাদ করে।
ঘটনাটি প্রযুক্তিবিশ্বের সামনে নতুন বাস্তবতা তুলে ধরেছে। আগে যে ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে বিশেষজ্ঞদের একাধিক দলকে মাসের পর মাস কাজ করতে হতো, এআইয়ের সাহায্যে এখন তা কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই সম্ভব হচ্ছে। তবে এই প্রযুক্তি শুধু নিরাপত্তা গবেষকদের হাতেই সীমাবদ্ধ নয়, হ্যাকাররাও একই সুবিধা নিতে পারে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক কয়েকটি প্রযুক্তিগত বিপর্যয় এই সংকটের গভীরতা স্পষ্ট করেছে। গত দুই সপ্তাহে ব্যাংকিং লেনদেনে ধীরগতি, মাইক্রোসফটের বিভিন্ন পণ্য ও অ্যাপলের সেবায় বিঘ্ন এবং দেশটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) একটি গুরুত্বপূর্ণ সিস্টেম অচল হওয়ার ঘটনা ঘটেছে। এমনকি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে বাণিজ্যিক ফ্লাইট চলাচলও।
কর্মকর্তারা এসব ঘটনার অধিকাংশের পেছনে পরিকল্পিত সাইবার হামলার প্রমাণ পাননি। বরং নিরাপত্তা ত্রুটি সমাধানের জন্য সফটওয়্যারে নতুন প্যাচ বা হালনাগাদ যুক্ত করতে গিয়ে কারিগরি সমস্যার সৃষ্টি হয়েছে। এনএসএর একটি গোপন নেটওয়ার্কও কয়েক দিন অচল ছিল। এআইয়ের সহায়তায় শনাক্ত হওয়া পিএইচপি প্রোগ্রামিং ভাষার একটি ত্রুটি সমাধান করতে গিয়ে ত্রুটিপূর্ণ আপডেট ইনস্টল করায় এ পরিস্থিতি তৈরি হয়।
অর্থাৎ, এখন বিপদ শুধু হ্যাকারদের হামলাতেই সীমাবদ্ধ নেই। নিরাপত্তা নিশ্চিত করার তাড়াহুড়োও বড় ধরনের অচলাবস্থার কারণ হয়ে উঠছে।
প্রযুক্তি খাতের এই সংকটের শিকড় অনেক গভীরে। সিলিকন ভ্যালির জনপ্রিয় স্লোগান ‘মুভ ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস’ অর্থাৎ দ্রুত এগিয়ে যাও, প্রয়োজনে ভেঙে ফেলো—প্রযুক্তি উন্নয়নে এক ধরনের প্রতিযোগিতামূলক সংস্কৃতি তৈরি করেছে। প্রতিষ্ঠানগুলো দ্রুত নতুন পণ্য বাজারে আনার দিকে বেশি মনোযোগ দিয়েছে। ফলে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ অনেক সময় গুরুত্ব হারিয়েছে। তাড়াহুড়ো করে তৈরি করা কোডের ত্রুটিগুলো সময়ের সঙ্গে জমে তৈরি করেছে ‘টেকনিক্যাল ডেট’ বা কারিগরি ঋণ।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্টিনেলওয়ানের গবেষক হুয়ান আন্দ্রেস গেরেরো-সাদে বিষয়টিকে এমন একটি গাড়ি চালানোর সঙ্গে তুলনা করেছেন, যার চাকা খুলে না পড়া পর্যন্ত চালক থামতে চান না। তার মতে, নতুন পণ্য বাজারে আনলেই আয় হয়। কিন্তু পুরোনো ব্যবস্থার রক্ষণাবেক্ষণে প্রতিষ্ঠানগুলোর আগ্রহ তুলনামূলক কম।
এআই দীর্ঘদিনের এই অবহেলাকে আর আড়ালে থাকতে দিচ্ছে না। নতুন প্রযুক্তির সাহায্যে পুরোনো সফটওয়্যারের এমন দুর্বলতাও শনাক্ত হচ্ছে, যা এতদিন মানুষের চোখ এড়িয়ে গেছে। গত মাসে মাইক্রোসফট তাদের বিভিন্ন পণ্যের জন্য ১ হাজার ৪০০টির বেশি নিরাপত্তা প্যাচ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্বাভাবিক হারের তুলনায় এ সংখ্যা প্রায় ১০ গুণ। এর আগের মাসেও প্রায় ১ হাজার ত্রুটি সমাধানের রেকর্ড হয়েছিল।
তবে এত বিপুলসংখ্যক ত্রুটি সামাল দেওয়ার মতো দক্ষ জনবল রয়েছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করছে। অনেক ক্ষেত্রে মানুষের পরিবর্তে এআই ব্যবহারের চেষ্টা চলছে। ফলে পুরোনো সফটওয়্যার কীভাবে তৈরি হয়েছিল এবং কোথায় কী ধরনের দুর্বলতা রয়েছে, সে বিষয়ে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অভিজ্ঞতাও হারিয়ে যাচ্ছে।
লিংকডইনের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা লি কিসনারের মতে, বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তি কীভাবে কাজ করে, তা বোঝেন এমন দক্ষ মানুষের প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। কারণ নিরাপত্তার প্রচলিত কৌশলগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছে।
তবে এআই নিয়ে উদ্বেগ থাকলেও একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো, অধিকাংশ সাইবার হামলা এখনো অত্যাধুনিক এআইনির্ভর নয়। যুক্তরাষ্ট্রের কয়েক ডজন পৌর পানি সরবরাহ ব্যবস্থায় ইরানের হামলায় দুর্বল বা পূর্বনির্ধারিত পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছিল। এফবিআইয়ের সংবেদনশীল কর্মী নথি হাতিয়ে নিতে একটি অপরাধী চক্র ওরাকল সফটওয়্যারের এমন একটি ত্রুটি কাজে লাগিয়েছিল, যার সমাধান কয়েক মাস আগেই প্রকাশ করা হয়েছিল।
নিরাপত্তা সাংবাদিক ব্রায়ান ক্রেবসের পর্যবেক্ষণ অনুযায়ী, মাইক্রোসফটের প্রকাশ করা ১ হাজার ৪০০টির বেশি ত্রুটির মধ্যে মাত্র একটি হ্যাকাররা আগে থেকেই হামলায় ব্যবহার করছিল। মাইক্রোসফটের কর্মকর্তা মাইকেল ইয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে হ্যাকারদের সবচেয়ে বেশি ব্যবহৃত পাঁচটি ত্রুটির সমাধানই তিন থেকে ছয় বছর আগে প্রকাশ করা হয়েছিল।
এতে স্পষ্ট, এআই নতুন হুমকির মাত্রা বাড়ালেও পুরোনো অবহেলাই এখনো সাইবার নিরাপত্তার বড় দুর্বলতা।
এআইয়ের দ্রুত পরিবর্তনকে কেউ দেখছেন সংকটের সূচনা হিসেবে, আবার কেউ মনে করছেন এটি সম্ভাবনার নতুন দরজা খুলে দেবে। আশাবাদীদের ধারণা, এআই একসময় পুরোনো সফটওয়্যারের দুর্বল কোড নতুন করে লিখে ডিজিটাল ব্যবস্থাকে আরও নিরাপদ করতে পারবে। অন্যদিকে বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, এআই যত উন্নত হবে, ততই নতুন ও জটিল নিরাপত্তা ত্রুটি সামনে আসবে। ফলে নিরাপত্তা নিশ্চিত করার লড়াই কখনো শেষ হবে না।
যুক্তরাষ্ট্রের এনএসএ ও ইউএস সাইবার কমান্ডের সাবেক প্রধান জেনারেল পল এম. নাকাসোনের ভাষায়, সাম্প্রতিক ঘটনাগুলোই এখন নতুন স্বাভাবিকতা। তার মতে, এআই একই সঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জ তৈরি করছে। যেকোনো বিপর্যয় মোকাবিলা করে দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা এখন নতুন করে গড়ে তুলতে হবে।
এনএসএর সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তা রব জয়েস বর্তমান পরিস্থিতিকে বনের দাবানলের সঙ্গে তুলনা করেছেন। তার মতে, এই বিপর্যয়ের মধ্য দিয়েই ভবিষ্যতে আরও শক্তিশালী প্রযুক্তিব্যবস্থার জন্ম হতে পারে। তবে সেই পরিবর্তনের কঠিন সময় পার করতে হবে।
অন্যদিকে পাওলোস ইবেলোর সংশয় কাটছে না। তার মতে, নতুন এআই মডেল আগের প্রজন্মের এআই দিয়ে লেখা কোডের মধ্যেও ত্রুটি খুঁজে বের করতে পারবে। ফলে সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত ও তা সমাধানের লড়াই চলতেই থাকবে।
প্রযুক্তির অগ্রযাত্রা থামবে না। তবে নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও দায়িত্বশীল ব্যবস্থাপনার চেয়ে দ্রুত উদ্ভাবনকে বেশি গুরুত্ব দিলে এর মাশুল দিতে হবে পুরো সমাজকে। এআই একদিকে ডিজিটাল বিশ্বের দুর্বলতা সারানোর সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারে, অন্যদিকে সেই দুর্বলতাকে কাজে লাগানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্রও হয়ে উঠতে পারে। আগামী এক-দুই বছর তাই প্রযুক্তিবিশ্বের জন্য হতে পারে কঠিন এক পরীক্ষার সময়।
সময়ের আলো/ইউএমএইচ