পৃথিবীর কক্ষপথে যুক্ত হলো নতুন চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পৃথিবীর কক্ষপথে যুক্ত হয়েছে নতুন একটি খুদে চাঁদ বা ‘মিনি-মুন’। ২০২৬ কিউকিউ৮ নামের এই মহাজাগতিক বস্তুটি আগামী বড়দিন পর্যন্ত পৃথিবীর

2026-11-22T23:39:08+00:00
2026-11-22T23:39:08+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পৃথিবীর কক্ষপথে যুক্ত হলো নতুন চাঁদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
পৃথিবীর কক্ষপথে যুক্ত হয়েছে নতুন একটি খুদে চাঁদ বা ‘মিনি-মুন’। ২০২৬ কিউকিউ৮ নামের এই মহাজাগতিক বস্তুটি আগামী বড়দিন পর্যন্ত পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকে থাকবে। তবে এর অবস্থান স্থায়ী নয়। ২০২৭ সালের শুরুতেই ছোট্ট এই গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথ ছেড়ে মহাকাশে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।

গত আগস্টে প্রথমবারের মতো ২০২৬ কিউকিউ৮ শনাক্ত করেন বিজ্ঞানীরা। তবে বস্তুটি এপ্রিল থেকেই পৃথিবীর কক্ষপথে অবস্থান করছিল। এর কক্ষপথ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে ৩৫৯ দিন, যা পৃথিবীর এক বছরের প্রায় ৯৮ শতাংশ। প্রায় প্রতি ১০ বছর পরপর এটি পৃথিবীর কাছাকাছি আসে। তবে এবার পৃথিবীর এত কাছে চলে এসেছে যে গ্রহটির মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়েছে। খবর স্পেস ডটকমের।

মাইনর প্ল্যানেট সেন্টারের তথ্য অনুযায়ী, পৃথিবীর সঙ্গে অবস্থানকালে ২০২৬ কিউকিউ৮-এর সবচেয়ে কাছের দূরত্ব হবে প্রায় ৩ লাখ ৫৩ হাজার মাইল বা ৫ লাখ ৬৮ হাজার কিলোমিটার। অন্যদিকে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় ২ লাখ ৩৮ হাজার ৯০০ মাইল বা ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। সেই হিসাবে নতুন এই ক্ষুদ্র চাঁদটি পৃথিবী থেকে আমাদের চাঁদের গড় দূরত্বের তুলনায় প্রায় ১ লাখ ১০ হাজার মাইল বা ১ লাখ ৭৭ হাজার কিলোমিটার দূরে থাকবে।

পৃথিবীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ, ২০২৬ কিউকিউ৮-এর ব্যাস মাত্র প্রায় ৬ ফুট বা ২ মিটার। এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকে পড়া এমন মহাজাগতিক বস্তু এর আগেও দেখা গেছে। সাধারণ চাঁদের পরিবর্তে এগুলোকে ‘টেম্পোরারি স্যাটেলাইট’ বা অস্থায়ী উপগ্রহ বলা হয়।

গত বছর প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছিল, যেকোনো সময় পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে সর্বোচ্চ ছয়টি ক্ষুদ্র চাঁদ। এসব অস্থায়ী উপগ্রহের অনেকগুলোই আমাদের স্থায়ী প্রাকৃতিক উপগ্রহ চাঁদের ভাঙা অংশ হতে পারে।

গবেষকদের মতে, পৃথিবী যদি প্রায় ১০ ফুট বা ৩ মিটার চওড়া কোনো মহাকাশ পাথরকে মহাকর্ষীয় আকর্ষণে আটকে রাখতে পারে, তাহলে সেটি ১০ থেকে ২০ বছর পর্যন্ত ক্ষুদ্র চাঁদ হিসেবে পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে।

সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   পৃথিবী  কক্ষপথ  নতুন চাঁদ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: