সংগৃহীত ছবিতুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হওয়ার পথে। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় প্রস্তাবিত খসড়া চুক্তিকে ‘অত্যন্ত দুর্বল’ আখ্যা দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বেশ কয়েকটি দেশ প্রত্যাখ্যান করায় রোববার সম্মেলনে চরম অচলাবস্থা তৈরি হয়। তুরস্ক ও অস্ট্রেলিয়া যৌথভাবে চূড়ান্ত খসড়াটি উপস্থাপন করেছিল।
শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও আলোচনা গড়ায় সপ্তাহান্ত পর্যন্ত। দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনার পর সমাপনী অধিবেশনে কপ৩১-এর প্রেসিডেন্ট মুরাত কুরুম জানান, খসড়া চুক্তিটি অনুমোদন করা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘এই কক্ষে এমন বেশ কয়েকটি দেশ রয়েছে, যারা খসড়াটির বিরোধিতা করছে। আমরা স্বীকার করছি, এই নথির বিষয়ে কোনো ঐকমত্য নেই। তাই সিদ্ধান্তটি গৃহীত হয়নি।’
রোববারের সমাপনী অধিবেশনে ইইউ, মার্শাল দ্বীপপুঞ্জ ও পানামাসহ কয়েক ডজন দেশ প্রকাশ্যে খসড়াটি প্রত্যাখ্যান করে। তাদের মতে, বৈশ্বিক উষ্ণায়ন রোধের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তাবিত চুক্তিটি যথেষ্ট নয়। কপ সম্মেলনের নিয়ম অনুযায়ী, যেকোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থিত প্রায় ২০০টি দেশের সর্বসম্মত সমর্থন প্রয়োজন। ফলে কয়েকটি দেশের আপত্তির কারণে তুরস্কের পরিবেশমন্ত্রী ও কপ৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম সিদ্ধান্তটি গৃহীত হয়নি বলে জানান।
সব দেশের সম্মতিতে কোনো চুক্তি ছাড়াই জাতিসংঘের জলবায়ু আলোচনা সর্বশেষ ব্যর্থ হয়েছিল ২০০৯ সালে কোপেনহেগেনে। এবারের আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে যুদ্ধ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনঅসন্তোষের মতো একাধিক সংকট ভূমিকা রেখেছে। এসব কারণে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলার বিষয়টি অনেকটা আড়ালে চলে গেছে।
আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী ও ইইউ প্রেসিডেন্সির প্রতিনিধি ডারা ও’ব্রায়েন জানান, খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন এটি সমর্থন করতে পারেনি। বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ এই জীবাশ্ম জ্বালানি। তিনি বলেন, ‘এমন একটি জলবায়ু চুক্তি করা অকল্পনীয়, যেখানে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই এবং তা থেকে সরে আসার বিষয়েও কিছু বলা হয়নি।’
পানামাও জানিয়েছে, বর্তমান খসড়াটি জলবায়ু সংকটের তীব্রতা মোকাবিলায় যথেষ্ট নয়। তাই তারা এটি সমর্থন করতে পারছে না। গত অক্টোবরে জাতিসংঘের পরিবেশ সংস্থা জানিয়েছিল, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (২.৭ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাচ্ছে। ওই ঘোষণার পর এটিই প্রথম কপ সম্মেলন। এক দশক আগে প্যারিস জলবায়ু চুক্তিতে দেশগুলো তাপমাত্রা বৃদ্ধির এই সীমা অতিক্রম না করার লক্ষ্য নির্ধারণ করেছিল। কারণ, এই সীমা ছাড়িয়ে গেলে চরম আবহাওয়াজনিত দুর্যোগের প্রকোপ আরও বেড়ে যেতে পারে।
সমাপনী অধিবেশনে চুক্তি গৃহীত না হওয়ার ঘোষণা এলেও কপ প্রেসিডেন্ট আলোচনা আনুষ্ঠানিকভাবে বন্ধ করেননি। তবে ঐকমত্য না হওয়ায় এখন তার সামনে কয়েকটি বিকল্প রয়েছে। এর মধ্যে ২০০০ সালের হেগ সম্মেলনের মতো আলোচনা স্থগিত রেখে পরবর্তী সময়ে জার্মানির বনে মধ্যবর্তী বৈঠক আয়োজনের বিষয়টি রয়েছে। সেখানে জাতিসংঘের জলবায়ু সংস্থার সদর দপ্তর অবস্থিত।
এ ছাড়া সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি আগামী বছরের কপ সম্মেলন পর্যন্ত স্থগিত রাখার সুযোগও রয়েছে। তবে আগামী সম্মেলনের আয়োজক দেশ ইথিওপিয়া এতে আপত্তি জানাতে পারে। কারণ, এবারের সম্মেলন যে অমীমাংসিত পরিস্থিতিতে শেষ হচ্ছে, তা আগামী বছরের আলোচনাকেও প্রভাবিত করতে পারে।
বিবিসি জানিয়েছে, মুরাত কুরুম স্পষ্ট করে বলেছেন, এখন থেকে আর কোনো নতুন খসড়া তৈরি করা হবে না। তিনি বলেন, ‘যেখানে ঐকমত্য নেই, সেখানে আমরা নতুন কোনো খসড়া নিয়ে কাজ করব না।’
অর্থাৎ, বর্তমান খসড়ায় পরিবর্তন এনে সব দেশকে রাজি করানোর আর কোনো উদ্যোগ নিচ্ছে না আয়োজক পক্ষ। নতুন খসড়া তৈরি না হওয়ায় এবারের সম্মেলনে চুক্তি হওয়ার সম্ভাবনাও প্রায় শেষ। ফলে জাতিসংঘের নিয়ম অনুযায়ী, আলোচনা আনুষ্ঠানিকভাবে স্থগিত করে পরবর্তী সময়ে জার্মানির বনে অথবা আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ৩২ সম্মেলনে তা চালিয়ে যাওয়ার পথই এখন খোলা রয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ