ছবি : সংগৃহীত বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা সহিংস কর্মকাণ্ড চালাচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। গত দেড় সপ্তাহে এসব সহিংসতায় চারজন নিহত হয়েছেন। গণপরিবহনে অগ্নিসংযোগ, থানা ও হাসপাতালে হামলার পাশাপাশি পুলিশের ওপরও আক্রমণের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতি ঘিরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এবং রোববার (২২ নভেম্বর) হালনাগাদ করা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে নিউইয়র্ক টাইমস। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে কেন্দ্র করে এক সপ্তাহের বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশে। কিছু এলাকায় তার সমর্থকেরা রাস্তায় তাণ্ডব চালাচ্ছেন এবং পুলিশের ওপর হামলা করছেন। একই সঙ্গে ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের ওপরও আক্রমণের ঘটনা ঘটছে।
নিউইয়র্ক টাইমসের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনাকে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিচালিত সীমিত পরিসরের রাষ্ট্রবিরোধী সহিংস তৎপরতা হিসেবে দেখা হচ্ছে। পত্রিকাটি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এসব ঘটনায় ক্ষমতাসীন দলের অন্তত দুই সদস্য এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুই পরিবহনকর্মী নিহত হয়েছেন।
গোপালগঞ্জে বেশি সহিংসতা
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতার উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটেছে শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঐতিহাসিক রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে। সেখানে বিক্ষোভকারীরা দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রায় ৩৬ ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় অস্ত্র হাতে মিছিল, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং এক পুলিশ সদস্যকে মারধর করে গুরুতর আহত করার ঘটনা ঘটে।
পরে শুক্রবার সকালে মহাসড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ ঘটনায় কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি অংশ নিচ্ছেন বলে বিভিন্ন ঘটনায় দেখা গেছে। তবে এসব বিষয়ে মন্তব্য জানতে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত দেড় সপ্তাহে গণপরিবহনে আগুন দেওয়া, থানা ও হাসপাতালে হামলার পাশাপাশি বিএনপির দুই নেতার বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।
ভারতে হাসিনার আশ্রয় নিয়ে টানাপোড়েন
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে এরপর থেকেই টানাপোড়েন তৈরি হয়। সাম্প্রতিক সহিংসতা এবং শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা-উত্তেজনা তৈরি হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন এক ব্রিটিশ আইনজীবী। তবে বাংলাদেশ সরকার তাকে এসব নথি দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে উল্লেখ করে ভারত থেকে তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন। তবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রকাশ্য সিদ্ধান্ত জানানো হয়নি। গত শুক্রবার ভারতের সরকারের একজন মুখপাত্রও বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
নিউইয়র্ক টাইমসের মূল্যায়ন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা কম। তবে এটি পত্রিকাটির মূল্যায়ন; ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত কোনো অবস্থান জানানো হয়নি।
শেখ হাসিনার রাজনৈতিক উত্থান-পতন
প্রতিবেদনে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায়ও তুলে ধরা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানে তার বাবা শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। সে সময় শেখ হাসিনা ও তার ছোট বোন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। পরে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রক্ষমতায় আসেন।
১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০১ সালের নির্বাচনে তার দল পরাজিত হলেও ২০০৯ সালে আবার ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ। দলটি ২০২৪ সাল পর্যন্ত দেশ শাসন করে। এ সময়ে অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের নানা উদ্যোগ নেওয়া হলেও বিরোধী মত দমন, নির্বাচন নিয়ে অনিয়ম এবং কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ তার সরকারের বিরুদ্ধে জোরালো হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশের সর্বশেষ তিনটি জাতীয় নির্বাচন নিয়ে অনিয়ম ও দমন-পীড়নের অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে সরকারবিরোধী গণ-অভ্যুত্থানে রূপ নেয়। পত্রিকাটির হিসাবে, ওই সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন এবং ১০ হাজারের বেশি মানুষকে কারাবন্দি করা হয়। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। প্রধান কৌঁসুলির বক্তব্য অনুযায়ী, তিনি দেশে ফিরলে সরকার ওই রায় কার্যকর করবে।
দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি মন্তব্য করেছেন, আন্দোলনকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা পাচ্ছেন। নিউইয়র্ক টাইমস এই বক্তব্যকে ভারতের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছে।
এদিকে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারত আগ্রহী বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই আমন্ত্রণের জবাব দেওয়া হয়নি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, সীমান্ত ব্যবস্থাপনা, নদীর পানি ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ রয়েছে। শেখ হাসিনার অবস্থান নিয়ে মতপার্থক্যের মধ্যেও এসব বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
সময়ের আলো/এসএকে