
অবশেষে বাড়ল দেশের তৈরি পোশাক শিল্প শ্রমিকদের মজুরি । ছবি : সংগৃহীত
অবশেষে বাড়ল দেশের তৈরি পোশাক শিল্প শ্রমিকদের মজুরি । ছবি : সংগৃহীতঅবশেষে বাড়ল দেশের তৈরি পোশাক শিল্প শ্রমিকদের মজুরি। ন্যূনতম মজুরি বোর্ড মঙ্গলবারের চতুর্থ বৈঠকে দীর্ঘ ১৪ ঘণ্টা বৈঠক করে ভোররাত ৪টায় ঘোষণা দেয় নতুন মজুরি। মজুরি ঘোষণার ক্ষেত্রে এ ধরনের নজির অতীতে কখনো দেখা যায়নি। চতুর্থ গ্রেডে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। এর চেয়ে আরেকটু বেশি হারে মজুরি বাড়ানো হয়েছে অপর তিনটি গ্রেডেও। অতীতের যেকোনো সময়ের চেয়ে খুবই অল্প সময়ে মাত্র ২০ কর্মদিবসে এবার মজুরি নির্ধারণ করা হলেও পোশাক শিল্প খাতকে বেশ চড়া মূল্য দিতে হয়েছে। অর্থাৎ গত প্রায় এক মাসের শ্রমিক আন্দোলনে শিল্পের বড় ক্ষতি করে মিলল নতুন মজুরি।
শিল্পমালিক ও অর্থনীতিবিদরা বলছেন, গত দুই-তিন বছর ধরে এমনিতেই নানারকম সংকটে একরকম ধুঁকে ধুঁকে চলছিল পোশাক শিল্প খাত। এ কারণে বন্ধ হয়ে গেছে কয়েকশ গার্মেন্টস কারখানা। এই অবস্থার মধ্যে মজুরিকে ঘিরে যে ধ্বংসাত্মক আন্দোলন হয়েছে তাতে পোশাক শিল্পের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এই আন্দেলনের মধ্যেই নতুন করে বেশ কিছু কারখানা বন্ধ হয়েছে। অতীতে দেখা গেছে নতুন মজুরি বাস্তবায়ন শুরু হলে তখনও অনেক কারখানা মালিক বর্ধিত মজুরি বাস্তবায়ন করতে না পেরে কারখানা বন্ধ করে দিয়েছেন, এবারও এমটি ঘটবে। অর্থাৎ নতুন মজুরির বোঝা বাইতে না পেরে এবারও অনেক কারখানা বন্ধ হবে।
এদিকে নতুন মজুরি বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার দরকার হয়। অর্থাৎ মজুরি বাড়লে ক্রেতারাও পোশাকের মূল্য বাড়ায়। এবারও ক্রেতাদের দাম বাড়াতে হবে পোশাকের এবং নতুন মজুরি বাস্তবায়নে শিল্প মালিকদের পাশে দাঁড়াতে হবে বলে মনে করছেন শিল্প মালিকরা। তারা বলছেন, নতুন মজুরি বাস্তবায়নে কমপক্ষে ৪ থেকে ৫ শতাংশ মূল্য বাড়াতে হবে পোশাকের।
এ বিষয়ে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান সময়ের আলোকে বলেন, ‘প্রথম কথা হলো— নতুন মজুরি ঘোষণা করা হলো, কিন্তু বিগত কয়েক দিনের শ্রমিক আন্দোলনে শিল্পের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি শিল্প মালিকরা কীভাবে পোশাবে আমি জানি না। এই ভঙ্গুর অবস্থার মধ্যেই নতুন মজুরি বাস্তবায়ন করতেই হবে— এটার কোনো বিকল্প নেই। এই মজুরি বাস্তবায়নে হয়তো বড় বড় শিল্প-কারখানা মালিকদের তেমন একটা সমস্যা হবে না, তবে ছোট-মাঝারি কারখানা মালিকদের পক্ষে এই মজুরি বাস্তবায়ন করা কঠিন হবে। অতীতেও আমরা দেখেছি যখনই নতুন মজুরি বাস্তবায়ন শুরু হয়, তখন ছোট-মাঝারি অনেক কারখানা মালিক তা বাস্তবায়ন করতে না পেরে তার কারখানাটি বন্ধ করে দেয়। আমি নিশ্চিত করে বলতে পারি— এবারও নতুন মজুরি বাস্তবায়নে ছোট-মাঝারি অনেক কারখানা মালিক বাস্তবায়ন করতে ব্যর্থ হবে। এতে অনেক কারখানা নতুন করে বন্ধ হবে এবং অনেক শ্রমিকও বেকার হবে।’
এই অবস্থায় মজুরি বাস্তবায়নে সরকারকে ও বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান ফজলে শামীম এহসান। তিনি বলেন, ‘শিল্প মালিক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। মজুরি বোর্ড মাত্র তিন বছরের মাথায় গড়ে প্রায় ৪০ শতাংশের মতো মজুরি বাড়িয়েছে গার্মেন্টস শ্রমিকদের জন্য। শিল্প মালিক হিসেবে আমরা নতুন মজুরি বাস্তবায়ন করব। তবে মজুরি বাস্তবায়নে এখন সরকার ও ক্রেতার দায়িত্ব পালনের সময় এসেছে। ক্রেতা হিসেবে বিদেশি বায়ারদের পোশাকের মূল্য বাড়াতে হবে। এ জন্য আমরা ইতিমধ্যেই ক্রেতাদের চিঠি দেওয়া শুরু করেছি এবং চাপ সৃষ্টি করছি। আমরা আশা করবো অতীতের মতো এবারও ক্রেতারা আমাদের পাশে দাঁড়াবে। আর সরকারকে আমাদের পাশে দাঁড়াতে হবে পোশাক শিল্পকে বিভিন্ন প্রণোদনা ও সুযোগ-সুবিধা বাড়িয়ে। বিজিএমইএ ও বিকেএমইএর তরফ থেকে আমরা সরকারের কাছেও এ ব্যাপারে দাবি জানাব। আশা করব সরকারও নতুন মজুরি বাস্তবায়নে শিল্প মালিকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।’
এ বিষয়ে বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক বলেন, ‘পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতায় অনেক উদ্যোক্তার কারখানা ২০ থেকে ২৩ দিন পর্যন্ত বন্ধ ছিল। অথচ মজুরি পরিশোধের সময় উদ্যোক্তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তা হলে এই ক্ষতির দায় কে নেবে? নতুন মজুরি শ্রমিকদের জন্য ঠিক আছে। কিন্তু এই মজুরি পরিশোধের জন্য বাড়তি অর্থ কোথা থেকে আসবে, তা নিয়ে কেউ কথা বলছেন না। বিদেশি ক্রেতারাও পোশাকের দাম বাড়াচ্ছেন না। এমন পরিস্থিতিতে আগামী কয়েক মাসের মধ্যে অনেক উদ্যোক্তা ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হতে পারেন। গত কয়েক দিনে পোশাক শিল্প খাত যে অবস্থায় গেছে, সেখান থেকে এটিকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। বর্তমান পরিস্থিতিতে ছোট ও মাঝারি পোশাক কারখানাগুলোর টিকে থাকা খুবই কঠিন হবে। বছরে পাঁচ কোটি ডলারের কম রফতানি করে, এমন কারখানা থেকেই দেশের মোট পোশাক রফতানির ৫১ শতাংশ আসে। এসব কারখানা বন্ধ হয়ে গেলে দেশের পোশাক রফতানির বড় অংশ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।’
এ বিষয়ে অর্থনীতিবিদ ও র্যাপিড চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি, ১৭ হাজার টাকা মজুরি কার্যকর হলে পোশাকের দাম ৪-৫ শতাংশ বাড়াতে হবে। তা হলে শিল্প এখন যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকতে পারবে। তাই এই হিসাব সামনে রেখে পোশাকের দাম বাড়াতে আমাদের বিদেশি ক্রেতাদের সঙ্গে দরকষাকষি করতে হবে।’
মজুরি বৃদ্ধিই শ্রমিকদের জীবনমান উন্নয়নের একমাত্র উপায় নয় উল্লেখ করে এম এ রাজ্জাক বলেন, ‘মজুরি বৃদ্ধির আলোচনায় শুধু দুই পক্ষের মধ্যে উত্তেজনা না বাড়িয়ে আমাদের চিন্তা করতে হবে, কীভাবে এই প্রক্রিয়াকে আরও আধুনিক করা যায় এবং শ্রমিকরা আরও বেশি সুবিধা পেতে পারেন। মজুরি বৃদ্ধির বাইরেও শ্রমিকদের সুবিধা বাড়ানোর সুযোগ রয়েছে।’
স্থায়ী মজুরি কাউন্সিল গঠনের প্রস্তাব : মজুরি নির্ধারণে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব জানিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, ‘কয়েক বছর পরপর মজুরি নির্ধারণকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতা এড়াতে একটি স্থায়ী মজুরি কাউন্সিল গঠন করা দরকার। এই কাউন্সিলে উদ্যোক্তা ও গবেষকরা থাকতে পারেন। শ্রমিকদের প্রয়োজন বিবেচনায় নিয়ে মজুরি সমন্বয়ের বিষয়টি একটি চলমান প্রক্রিয়ার মধ্যে রাখা উচিত। আসলেই আমাদের একটি স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত। এ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে প্রতি বছর শ্রমিকদের মজুরি সমন্বয় করার ব্যবস্থা চালু করা যেতে পারে।’
মজুরি বাড়ল গড়ে প্রায় ৪০ শতাংশ : গত মঙ্গলবার ভোর রাতে ন্যূনতম মজুরি বোর্ড গার্মেন্টস শ্রমিকদের জন্য যে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে তাতে চার গ্রেডে গড়ে প্রায় ৪০ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে। এর মধ্যে চতুর্থ গ্রেডে নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এটি আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের আলোচনায় সব সদস্যের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। যেখানে শ্রমিকদের জন্য সর্বোচ্চ গ্রেড-১-এ নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা ও গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া সর্বনিম্ন গ্রেড-৪-এর বিষয়ে বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় ১৭ হাজার টাকা। সেই সঙ্গে সিদ্ধান্ত হয়, প্রতিটি গ্রেডের শ্রমিকের নিম্নতম মজুরি নির্ধারণের পর সেই গ্রেডের কোনো শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে, সে ক্ষেত্রে ন্যূনতম দুই হাজার টাকা এর সঙ্গে সমন্বয় করা হবে। নতুন এই মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে এবং আগামী জানুয়ারি মাসে নতুন বেতন হাতে পাবেন শ্রমিকরা।
ফের সভা ডেকেছে মজুরি বোর্ড : এদিকে ফের সভা ডেকেছে গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মজুরি বোর্ড। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জানা গেছে আজকের পঞ্চম বৈঠকে চারটি গ্রেডের বিস্তারিত কাঠামো ঠিক করে খসড়া প্রস্তুত করা হবে। তাতে কোন গ্রেডে মূল বেতন কত হবে, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতাসহ অন্যান্য ভাতা কত করে হবে তার বিস্তারিত উল্লেখ থাকবে। খসড়া মজুরি কাঠামো চূড়ান্ত করে সেটি পাঠানো হবে বিজি প্রেসে। এরপর মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
বড় ক্ষতি হয়েছে শিল্পের : মজুরি বৃদ্ধির ইস্যুকে ঘিরে গত প্রায় এক মাস ধরে শিল্পে চরম অস্থিরতা চলেছে। শ্রমিকরা কাজ ফেলে রাজপথে নেমে আন্দোলন করেছে, কারখানায় ভাঙচুর করেছে। এতে উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ক্রেতাদেরও সময়মতো পোশাক পাঠানো কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হয়। ফলে ইতিমধ্যেই অনেক বিদেশি ক্রেতা বাংলাদেশের বাজার ছেড়ে প্রতিবেশী দেশ ভারত এবং ভিয়েতনামে চলে গেছে।
বিজিএমইএর জরিপ তথ্য অনুযায়ী নভেম্বরের ১৮ দিনেই ৬০০টির বেশি সদস্য কারখানা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩১৭টি কারখানার পূর্ণ জরিপ করা হয়— তারা ১ থেকে ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ১৫ নভেম্বর পর্যন্ত ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল ৬৫টি কারখানা। ভাঙচুর বা আগুনে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০-২৫টি কারখানা। গাত সাত দিনে আরও প্রায় ১০০টির মতো কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব কারণে মিরপুর, গাজীপুর, কালিয়াকৈরে পুলিশের গাড়িতে আগুন, কারখানার গেট ভাঙা, মেশিন ভাঙা আর শুধু বন্ধ থাকার কারণে উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন ডলার, আর ক্রেতারা ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে। অর্থাৎ এই কয় দিনে প্রতিদিন গড়ে ৮০-১০০টা কারখানা বন্ধ থাকছে, কোনো দিন ৩০০-৬০০ ছাড়িয়ে যাচ্ছে। আর সরাসরি ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০টির বেশি কারখানা। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি— ৬০০টির বেশি কারখানার উৎপাদন বারবার বন্ধ হয়ে যাওয়া।
আর্থিক ক্ষতিরও একটা হিসাব এসেছে বিজিএমইএর কাছ থেকে। বিজিএমইএর হিসাবে নভেম্বরের মাত্র ১৮ দিনে সরাসরি উৎপাদন ক্ষতি ৪২ কোটি ৮০ লাখ ডলার বা ৫,১৩৬ কোটি টাকা। অর্ডার চলে গেছে অন্য দেশে ২৫ কোটি ৪০ লাখ ডলার বা ৩,০৪৮ কোটি টাকা। মোট ক্ষতি (১৮ দিনে) ৬৮ কোটি ২০ লাখ ডলার বা ৮,১৮৪ কোটি টাকা। এটা শুধু ৩১৭টি কারখানার হিসাব। বিজিএমইএর পক্ষ থেকেই বলা হচ্ছে- আসলে ক্ষতিগ্রস্ত কারখানা ৬০০টির বেশি, কিন্তু জরিপে মাত্র ৩১৭টি অংশ নিতে পেরেছে। তাই আসল ক্ষতি এর চেয়ে অনেক বেশি হবে।
সাড়ে ৭ হাজার কারখানা থেকে টিকে আছে হাজার তিনেক : বিজিএমইএ ও বিকেএমইএর তথ্যমতে একটা সময় দুই সংগঠন মিলে দেশে ছোট-বড়-মাঝারি মিলে গার্মেন্টস কারখানার সংখ্যা ছিল ৭ হাজার ৫০০টির মতো। এর মধ্যে বিজিএমইএতে রেজিস্টার্ড (কাগজে-কলমে) কারখানা ছিল প্রায় ৪,৫০০টির মতো। এর মধ্যে বর্তমানে সক্রিয় বা সচল (অ্যাকটিভ মেম্বার) প্রায় ২,৫০০টির মতো। আর বিকেএমইএর সদস্য কারখানা আছে প্রায় ৮০০-৯০০টির মতো। এই দুই সংগঠনের বাইরে সাব-কন্ট্রাক্ট/ছোট কারখানা (অ্যাসোসিয়েশনের বাইরে) ছিল ৩,০০০-৩,৫০০টির মতো। সব মিলিয়ে একটা সময় দেশে পোশাক কারখানা (বড়+ছোট+সাব-কন্ট্রাক্ট) ছিল ৭,০০০ থেকে ৭,৫০০টির মতো। অথচ নানা সংকটের কারণে বন্ধ হতে হতে এখন টিকে আছে হাজার তিনেক মতো গার্মেন্টস কারখানা।
সাম্প্রতিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত কারখানা : গত মাসখানেক ধরে যে আন্দোলন চলে আসছে তাতে নতুন করে কয়েকশ গার্মেন্টস কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। কখনো কয়েক দিনের জন্য বন্ধ রাখতে হয়েছে এবং কখনো অনির্দিষ্টকালের জন্যও বন্ধ করতে হয়েছে। এর মধ্যে গতকাল নতুন করে বন্ধ হয়েছে ৮৭টি কারখানা। এর মধ্যে গাজীপুর এলাকায় ৫৫টি। এর মধ্যে ৩৫টি বন্ধ, ২০টি সাধারণ ছুটি ঘোষণা তকরা হয়। সাভার-আশুলিয়া এলাকায় বন্ধ ৩২টি।
এর মধ্যে ২২টি শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৯টি সাধারণ ছুটি, আর ১০টি কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে। গতকালও গাজীপুরের শ্রীপুরে অন্তত ৫টি কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া সোমবার বন্ধ হয় মোট ৫৯টি কারখানা। তার আগে গত ১৯ নভেম্বর ৩৪১টি কারখানা বন্ধ হয়। এর মধ্যে গাজীপুরেই ১২২টি ছিল। গত ১৮ নভেম্বর বন্ধ ছিল ৪০০টি। এর মধ্যে ১২৯টি ১৩(১) ধারায় বন্ধ ছিল। গত ১৫ নভেম্বর বন্ধ ছিল ১২১টি। এর মধ্যে ১০টি নতুন করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। গত ১১ নভেম্বর ১৪৬টি কারখানা বন্ধ হয়। এর মধ্যে ১০০টির বেশি ছিল আশুলিয়ায়। তা ছাড়া গত ৩ নভেম্বর বন্ধ ছিল ৪১৪টি কারখানা। এর মধ্যে আশুলিয়া ২৬৪টি, গাজীপুর ১৫০টি। আর গত ২ নভেম্বর বন্ধ ছিল ৬৭৯টি (সর্বোচ্চ) কারখানা। এর মধ্যে মিরপুরে ৬৫টি, গাজীপুর-ময়মনসিংহ ৩৮২টি, আশুলিয়া ২২৩টি। তা ছাড়া গত ১ নভেম্বর বন্ধ ছিল ৫২৯টি কারখানা। ওই দিন প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কাজে আসতে পারেননি। মজুরি ঘোষণার পর গতকালও শিল্প এলাকার অনেক কারখানা বন্ধ ছিল। মজুরি বাস্তবায়নের মধ্যে আরও অনেক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে আশঙ্কা কারছেন শিল্প মালিকরা। তা ছাড়া মজুরি তো বাড়ানো হলো— শিল্পের অস্থিরতা কবে বন্ধ হবে সে প্রশ্নও করছেন গার্মেন্টস মালিকরা।
সময়ের আলো/প্রিন্ট/এসকে