
সাব-রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত জমির দলিল রেজিস্ট্রেশনের স্থায়ী সরকারি রেকর্ড খাতা । ছবি : সংগৃহীত
সাব-রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত জমির দলিল রেজিস্ট্রেশনের স্থায়ী সরকারি রেকর্ড খাতা । ছবি : সংগৃহীতজালিয়াতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে রাজধানীর তেজগাঁওয়ের জেলা রেজিস্ট্রার কার্যালয়ের অধীন ঢাকা সদর রেকর্ড রুম। ঐতিহাসিক ও অতি গুরুত্বপূর্ণ ‘বালাম বহি’র (সাব-রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত জমির দলিল রেজিস্ট্রেশনের স্থায়ী সরকারি রেকর্ড খাতা) পাতা ছিঁড়ে অন্য বইয়ে সংযুক্ত করা, সূচিপত্র ও পাতা গায়েব করে জালিয়াতির করা এবং পরে পাতা জোড়া দিয়ে লাখ লাখ টাকার বাণিজ্য করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। সম্প্রতি রেকর্ড রুমের বালাম বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে অন্য বইয়ে সংযুক্ত করার অপরাধে রেবেকা সুলতানা নামের এক নকলনবিশকে সাময়িক বরখাস্ত করেছে জেলা রেজিস্ট্রার কার্যালয়।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই নারী নকলনবিশ কেবল বলির পাঁঠা, নেপথ্যে থেকে পুরো জালিয়াতি পরিচালনা করেছেন নকলনবিশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার এবং সরকারি কোনো অনুমোদন না থাকা নিয়োগবহির্ভূত বা অবৈধ ‘উমেদার’ মোহর। তারা এখনও বহাল তবিয়তে রয়েছেন। নিয়োগবহির্ভূত উমেদার হলেন যারা কোনো সরকারি নিয়োগ, বেতন বা আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই অনানুষ্ঠানিক বা অবৈধভাবে রেকর্ড রুমে কাজ করেন কিংবা দালাল বা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখেন।
অভিযোগ রয়েছে, ঢাকা সদর রেকর্ড রুমে বছরের পর বছর ধরে সক্রিয় এই সিন্ডিকেট সাধারণ সেবাগ্রহীতাদের জিম্মি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। কোনো বালামের পাতা ছিঁড়ে ফেলার পর দলিল উদ্ধার বা নকল (সার্টিফাইড কপি) নেওয়ার জন্য ভুক্তভোগীদের কাছ থেকে ২ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়। এসব ঘটনা প্রতিরোধে জেলা রেজিস্ট্রার প্রশাসনিক আদেশ জারি করলেও মাঠপর্যায়ে অরক্ষিত রেকর্ড রুমের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ঢাকা সদর রেকর্ড রুমে বালাম বহির পৃষ্ঠা ছিঁড়ে অন্য বইয়ে সংযুক্ত করার অভিযোগে নকলনবিশ রেবেকা সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৪ নভেম্বর জেলা রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহা. শফিকুল ইসলাম এ আদেশ দেন।
রেবেকা সুলতানা লিখিত জবাবে ঘটনার দায় স্বীকার করে এই পুরো ঘটনার জন্য নকলনবিশ মো. সারোয়ার ও নিয়োগবহির্ভূত উমেদার মোহরকে সরাসরি মূল অভিযুক্ত হিসেবে দায়ী করে আত্মপক্ষ সমর্থন করেন। এই ঘটনায় সারোয়ার ও মোহরকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। পৃথক আরেকটি আদেশে রেকর্ডপত্রের নিরাপত্তার স্বার্থে নিয়োগবহির্ভূত উমেদার মোহরকে ঢাকা সদর রেকর্ড রুমের সব কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে জেলা রেজিস্ট্রার মোহা. শফিকুল ইসলাম বলেন, বালাম বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে বাইরে থেকে পৃষ্ঠা সংযোজন কার্যক্রমে রেকর্ড রুমের সুরক্ষা বিনষ্ট করার মতো চরম অপরাধ সংঘটিত হওয়ায় সরকারি রেকর্ড রুমের সুরক্ষা নিশ্চিতের স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে অনুসন্ধানে ঘটনার পেছনের ভয়ংকর জবরদস্তি ও সিন্ডিকেটের ব্ল্যাকমেইলের চিত্র উঠে এসেছে। বরখাস্তকৃত নকলনবিশ রেবেকা সুলতানা এই কাজের জন্য নিজের অসহায়ত্ব ও বাধ্যবাধকতার কথা প্রকাশ করে জানান, তিনি একজন বিধবা নারী এবং দুই সন্তান নিয়ে আর্থিক অনটনে দিনযাপন করছেন। দৈনিক পুরোনো নকল লিখে পাতাপ্রতি ২০০ টাকা হিসাবে উপার্জিত অর্থ দিয়ে তার সংসার চলে। তিনি অভিযোগ করেন, জালিয়াতির মূল হোতা মো. সারোয়ার এবং অননুমোদিত উমেদার মোহর তাকে ভয়ভীতি দেখিয়ে ও জবরদস্তি করে এই জালিয়াতিতে ব্যবহার করেছে। ১৯৫৯ সালের দলিলের একটি পাতা মূল স্থান থেকে ছিঁড়ে এনে ক্ষমতার দাপট দেখিয়ে দিয়ে তাকে ২৭ নম্বর ভলিউমে ঢোকানোর জন্য বাধ্য করা হয়। রেবেকা সুলতানা বলেন, তাকে দিয়ে জোরজবরদস্তি করে কাজটি করানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন সিন্ডিকেটের কথামতো কাজ না করলে তাকে চাকরিচ্যুত করা, অফিসে ঢুকতে না দেওয়া এবং এমনকি মেরে ফেলার হুমকি দেওয়া হতো। সারোয়ার ও মোহরের পেছনে প্রভাবশালী একটি চক্র কাজ করছে উল্লেখ করে তিনি জানান, নিজের অস্তিত্ব রক্ষায় ও সন্তানদের ভবিষ্যৎ ভেবে ভয়ে তিনি এতদিন মুখ খোলেননি। বরখাস্তের মাধ্যমে কেবল তাকেই বলির পাঁঠা বানানো হয়েছে অথচ মূল অপরাধী ও নির্দেশদাতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
এদিকে গত ১২ অক্টোবর দক্ষিণখানের আজমপুর এলাকার সেবাগ্রহীতা তোফায়েল আহমেদ জেলা রেজিস্ট্রার বরাবর এক লিখিত আবেদনে জানান, তিনি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিসের ১৯৫৯ সালের ৩৯৯৫ নম্বর দলিলের (ভলিউম নম্বর ৫৭, পৃষ্ঠা নম্বর ১৩০) একটি সার্টিফায়েড কপির জন্য আবেদন করেছিলেন। পরে তিনি জানতে পারেন, ওই দলিলের সংশ্লিষ্ট ভলিউমের ১৩০ নম্বর পাতাটি বর্তমানে ছেঁড়া ও মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত পাতা থেকে সঠিক তথ্য পাওয়া অসম্ভব হওয়ায় ভূমিদস্যু চক্র যেন এই সুযোগে ভুয়া নকল বা সার্টিফায়েড কপি তৈরি করে সম্পত্তি আত্মসাৎ করতে না পারে, সেজন্য সাময়িকভাবে সার্টিফায়েড কপি সরবরাহ বন্ধ রাখা ও বালাম সুরক্ষায় জরুরি আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারি সত্ত্বেও অসাধু চক্র থামেনি। সিআইডির নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অননুমোদিত উমেদার সাবিনা ও আশরাফ কয়েক লাখ টাকার বিনিময়ে জাল সার্টিফায়েড কপি সরবরাহ করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। রেকর্ড রুমের বালাম খাতা সুরক্ষিত না থাকায় প্রকৃত জমির মালিকরা চরম ঝুঁকি ও অনিশ্চয়তার মুখে পড়ছেন, আর সেই সুযোগে জালিয়াতি চক্র ভুয়া কাগজপত্র বানিয়ে জমি দখলের পথ সুগম করছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা সদর রেকর্ড রুমে কোনো সরকারি নিয়োগ না থাকা সত্ত্বেও ডজনখানেক নিয়োগবহির্ভূত উমেদার দীর্ঘ দিন ধরে অবৈধভাবে অবস্থান নিয়ে দাফতরিক কাজ পরিচালনা করছে। নিয়মিত নকলনবিশদের সঙ্গে যোগসাজশে উমেদার বিল্লাল, মিলন, এরফান, আশরাফ, রিয়াদ, জাহিদ, সাদ্দাম, অজিত ও সাবিনা নামের কর্মচারী পুরো রেকর্ড রুমের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। বাংলাদেশ নকলনবিশ সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ও উমেদার আরিফ এই সিন্ডিকেটকে সহায়তা করে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সিন্ডিকেটের সদস্যরা প্রথমে কৌশলে গুরুত্বপূর্ণ বালামের পাতা ছিঁড়ে ফেলে বা গায়েব করে। পরবর্তী সময়ে কোনো সেবাগ্রহীতা সেই দলিলের সার্টিফায়েড কপির জন্য এলে ২ থেকে ৩ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিলে ছেঁড়া পাতা জোড়া লাগিয়ে সার্টিফায়েড কপি সরবরাহ করা হয়। এর আগেও উমেদার রিয়াদ ইনডেক্সের দুটি পাতা ছেঁড়ার প্রমাণ পাওয়ার পর তৎকালীন সাব-রেজিস্ট্রার ইমরুল খোরশেদের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। এই সিন্ডিকেট সাব-রেজিস্ট্রারের নাম ভাঙিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে।
অভিযোগের বিষয়ে বাংলাদেশ নকলনবিশ সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, কোনো সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হয় না। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া রেকর্ড রুমে যাতে ভবিষ্যতে কোনো অনিয়ম না হয় সে বিষয়ে রেজিস্ট্রারের কার্যালয় থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন তিনি।
সময়ের আলো/প্রিন্ট/এসকে