প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:২১ পিএম

গোয়ালন্দের দৌলতদিয়ায় স্থানীয় জেলে ছাত্তার হালদারের জালে মাছটি ধরা পড়ে। ছবি : সময়ের আলো
গোয়ালন্দের দৌলতদিয়ায় স্থানীয় জেলে ছাত্তার হালদারের জালে মাছটি ধরা পড়ে। ছবি : সময়ের আলোপদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। মাছটি ৬৪ হাজার ৮০০ টাকায় কিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৬৬ হাজার টাকায় বিক্রি করেছেন এক মাছ ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় স্থানীয় জেলে ছাত্তার হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা দরে মোট ৬৪ হাজার ৮০০ টাকায় কিনে নেন। এরপর মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে তার নিজস্ব মৎস্য আড়তে নিয়ে আসা হলে বিশাল আকৃতির পাঙাশটি দেখতে উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা ভিড় করেন।
সম্রাট শাহজাহান শেখ জানান, পদ্মার এত বড় পাঙাশ কিনতে পেরে তিনি আনন্দিত। মাছটি একেবারে টাটকা থাকায় ভালো দাম দিয়ে কিনেছেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার এক কোরিয়া প্রবাসীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে মাছটি বিক্রি করেন। প্রতি কেজি ২ হাজার ৭৫০ টাকা দরে মোট ৬৬ হাজার টাকা পান তিনি।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছ স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে পরিচিত। বড় আকৃতির পাঙাশ, চিতল, কাতল ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণীয়।
সময়ের আলো/এনএন