প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:২৯ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ৯:৪০ পিএম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন এখনো নেভেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ছোট কাটারায় শামসুল হক টাওয়ারের বিপরীতে একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ৪৬ মিনিটে ইউনিটগুলো সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, অগ্নিকাণ্ড কবলিত ওই গুদামটিতে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী মজুত রাখা হতো। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
সময়ের আলো/জেডি