প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম

প্রতীকী ছবি
প্রতীকী ছবিময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে চিকিৎসাধীন আরও দুই নারীর মৃত্যু হয়েছে। মৃত দুই নারী হলেন ফাতেমা (৪০) ও মালেকা (৮৫)। এ নিয়ে এ বছর হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্তে মোট ৪৪ জনের মৃত্যু হলো।
মৃতদের মধ্যে ফাতেমা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মিরাজ আলীর মেয়ে। ফাতেমা গত ২০ নভেম্বর ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার (২৮ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ডেঙ্গু জ্বরের পাশাপাশি ফুসফুস এবং হৃৎপিণ্ডে (হার্টে) মারাত্মক জটিলতা ছিল।
এদিকে মালেকা জেলার নান্দাইল উপজেলার তালে হোসেনের মেয়ে। তিনি ২৫ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ২৭ নভেম্বর রাতে নয়টার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডেঙ্গু ভাইরাসের সংক্রমণের জটিল ও অস্বাভাবিক পর্যায়ে কিডনির কার্যক্ষমতা বিকল হয়ে পড়ায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। বর্তমানে মোট ৭২ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পুরুষ ৪৯, মহিলা ১৫ এবং ৮ শিশু রয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ নভেম্বর সকাল পর্যন্ত হাসপাতালে সর্বমোট ৫ হাজার ৬৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
সময়ের আলো/এনএন