
বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীতইসরায়েলে সরকার গঠন নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের মধ্যে আলোচনা হলেও মতপার্থক্য দূর হয়নি। দুই নেতার মধ্যে আর কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। গত মাসের নির্বাচনের পর তৈরি হওয়া রাজনৈতিক অচলাবস্থা কাটাতে রোববার তাঁরা আলোচনায় বসেছিলেন।
নেতানিয়াহুর ডানপন্থি দল লিকুদ ও আইজেনকোটের মধ্যপন্থি দল ইয়াশারের যৌথ বিবৃতিতে বলা হয়, জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতা ‘কাজের আলোচনায়’ অংশ নেন। তবে হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। এ কারণে আলোচনাকারী দলগুলোর মধ্যে পরবর্তী বৈঠক না করার সিদ্ধান্ত হয়েছে।
গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো পক্ষই।
সংবাদমাধ্যম হারেৎজকে সূত্র জানিয়েছে, আপাতত নিজের জোটের দলগুলোর সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইজেনকোট। তবে পরবর্তী সময়ে লিকুদের যোগ দেওয়ার সুযোগও খোলা রেখেছেন তিনি। সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে তার।
এর আগে আরব নেতৃত্বাধীন দলগুলোকে বাদ দিয়ে এবং প্রধানমন্ত্রীর পদ পর্যায়ক্রমে দুই নেতার মধ্যে ভাগ করে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, শুরুতে আইজেনকোট প্রধানমন্ত্রী হবেন। তবে কত দিন তিনি দায়িত্বে থাকবেন, তা উল্লেখ করা হয়নি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, ‘নেতা হিসেবে আমার দায়িত্ব আমাকে সবকিছু পাশে সরিয়ে রাখতে বাধ্য করছে, এমনকি সবচেয়ে বড় দল হওয়ার নীতিও।’
তিনি আরও বলেন, ‘মেয়াদের শুরুতে আইজেনকোটকে প্রধানমন্ত্রী এবং নিজেকে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে আমি রাজি।’
ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকোট এর জবাবে নেতানিয়াহুকে ‘প্রকৃত ও দ্রুত আলোচনায়’ বসার আহ্বান জানান।
তবে শুক্রবার আইজেনকোট অভিযোগ করেন, নতুন নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে লিকুদ জোট সরকার গঠনের আলোচনা দীর্ঘায়িত করছে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সব দলের সঙ্গে পরামর্শ করে ২৮ দিনের মধ্যে সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকোটকে। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের চেষ্টা করছেন তিনি। ইতোমধ্যে দুটি দলের সঙ্গে জোট চুক্তিও করেছেন।
তবে আরব দলগুলোর সঙ্গে কাজ করার বিষয়ে বিরোধিতা এবং অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারায় তার উদ্যোগ বাধার মুখে পড়েছে।
নির্বাচনে আরব নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট জোট দুটি মিলিয়ে রেকর্ড ১৯টি আসন পেয়েছে। আরব ভোটারদের উপস্থিতি বেড়ে যাওয়ায় দল দুটির আসনসংখ্যাও বেড়েছে। ফলে সরকার গঠনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কিন্তু নির্বাচনের আগে একটি বাদে সব ইহুদি দলই তাদের সঙ্গে সরকার গঠনে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেওয়ার কারণ ব্যাখ্যা করে নেতানিয়াহু বলেন, ‘অস্তিত্বের জন্য হুমকির ভয়াবহতা এবং সেই হুমকি মোকাবিলায় সক্ষম নয়—এমন একটি সরকার গঠনের সম্ভাবনা’ তাকে এ উদ্যোগ নিতে বাধ্য করেছে।
এর জবাবে আইজেনকোট বলেন, ‘লিকুদ যদি প্রকৃত ঐক্য চায়, তাহলে আগামী ২৪ ঘণ্টায় তাদের সদিচ্ছার প্রমাণ যাচাই করতে আমি প্রস্তুত।’
ইসরায়েলের কোনো রাজনৈতিক দলই এখন পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে প্রতিবারই জোট সরকার গঠন করতে হয়েছে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রাজনৈতিক বিভক্তি এতটাই তীব্র ছিল যে নেতানিয়াহু ও তাঁর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সমঝোতা না হওয়ায় পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
সময়ের আলো/জেডি