আবারও বিতর্কে ধামরাই ছাত্রদল সভাপতি, টাকা চাওয়ার রেকর্ড ফাঁস!

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে ফের বিতর্কে ছাত্রদলের উপজেলা কমিটির সভাপতি রাফিজুল ইসলাম রবিন। এবার অবৈধভাবে তার ঘোষিত এক ইউনিয়ন কমিটি স্থগিত করেছে

2026-11-29T22:29:49+00:00
2026-11-29T22:29:49+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
আবারও বিতর্কে ধামরাই ছাত্রদল সভাপতি, টাকা চাওয়ার রেকর্ড ফাঁস!
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:২৯ পিএম 
রাফিজুল ইসলাম রবিন। ছবি : সংগৃহীত
রাফিজুল ইসলাম রবিন। ছবি : সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে ফের বিতর্কে ছাত্রদলের উপজেলা কমিটির সভাপতি রাফিজুল ইসলাম রবিন। এবার অবৈধভাবে তার ঘোষিত এক ইউনিয়ন কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আর একইদিনে তার দুটি কল রেকর্ড প্রকাশ করেছেন ক্ষুব্ধ দুই নেতা। এরমধ্যে একটি কল রেকর্ডে কমিটি দিতে টাকা চাওয়া ও অপরটিতে ছাত্রদলের এক পদবঞ্চিত কর্মীকে হুমকি দেওয়ার কথোপকথন উঠে এসেছে। এ নিয়ে বিতর্কের জেরে বিতর্কিত উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিতর্কের শুরু গত ২৮ নভেম্বর ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে। পাঁচ সদস্যের কমিটির অনুমোদন দেন ছাত্রদল ধামরাই উপজেলা কমিটির সভাপতি রাফিজুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক সাদ ই-রাব্বি জিসান। এই কমিটিকে অবৈধ বলে উল্লেখ করে ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করে, ২০২৫ সালের ডিসেম্বরে উপজেলা কমিটি ঘোষণার সময় সেই কমিটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই কমিটি সিদ্ধান্ত নেবে সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সহসভাপতি আলী ইমামের স্বাক্ষরে। তবে সুতিপাড়া ইউনিয়ন কমিটির ঘোষণায় আলী ইমামের স্বাক্ষর ছিল না। এই বিতর্কের মধ্যেই একই দিনে ফেসবুকে দুটি কল রেকর্ড প্রকাশ করা হয়।

এরমধ্যে একটিতে রাফিজুল ইসলাম রবিন ও উপজেলার বালিয়া ইউনিয়ন কমিটির সভাপতি পদপ্রত্যাশী সোহানুর রহমান রাফসানকে কথা বলতে শোনা যায়। এই কল রেকর্ডের কথোপকথনেই রবিন একপর্যায়ে রাফসানকে বলেন, ‘আমি যে অপশন বলি, সিস্টেমে দিপুরে সিনিয়র সভাপতি বা সাংগঠনিক সম্পাদক বানাইয়া আদিত্য আর জিসানরে টেকা পয়সা খাওয়াইয়া কইরা ফালাই। পারবা না?’ জবাবে রাফসান বলেন, ‘আমার ইয়ের মধ্যে হইলে... এ সময় রবিন বলেন, ‘বোকার মতো কথা বইল না। শুন, সম্মান পাইলে টেকা পয়সা কামাইতে পারবা। আমরা আসছি না। কিন্তু আমরা কোনো জায়গায় টাকা পয়সা চাই নাই। কিন্তু আমি এখন বুঝতেছি, জিসান বুঝতেছে, তাই একটা সিস্টেম করা যায় যদি, তাইলে কোনো কথাই নাই।’ একপর্যায়ে তিনি আরও বলেন, ‘তোমার বয়সেও কম আছে। এই সেক্রেটারি হইলো বা সভাপতি হইলেও এখান থেকে উপজেলায় ঢুকতে পারবা, আবার নেক্সট টাইম একটা প্রার্থী হইতে পারবা। একটা জায়গায় থাকবা।’ জবাবে রাফসান বলেন, ‘ভাই, আপনি করেন চেষ্টা করতেছি সর্বোচ্চ।’ তখন রবিন বলেন, ‘তুমি কতটুক পারবা, কি করতে পারবা না? আমি ওইভাবে একটু অন্যভাবে টাচ দিমু। দরকারে আমি বালিয়া যামু, ফোনে না, পার্সোনালি।’ রাফসান তাকে কেমন লাগবে বললে বলেন, ‘ওর চাহিদা কেমন হতে পারে, আমার ধারণা নাই। তুমি কেমন পারবা সেটা বল। একপর্যায়ে তিনি আরও বলেন, হয় টেকা, নাহয় মুরাদ ভাই, এই দুইটা হইলে হইবো।’

এই কথোপকথনের বিষয়ে ছাত্রদলের ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন কমিটির সভাপতি পদপ্রত্যাশী সোহানুর রহমান রাফসান বলেন, ‘ওই কল রেকর্ডটি আমার। প্রায় দেড় দুই মাস আগে গুঞ্জন ওঠে কমিটি করা হবে। রবিন তখন আমাকে ফোন করে। স্বাভাবিকভাবে কথার পর বলে, আমি যেমন সভাপতি পদপ্রার্থী, তেমনই আতিক নামেও একজন পদপ্রার্থী। সাধারণ সম্পাদক পদপ্রার্থী দিপু। তো বলে তুমি তো সভাপতি পদপ্রার্থী, নাইমও সভাপতি পদপ্রার্থী। নাইমকে ফেলতে পারবো না, দিপুকে ফেলতে পারবো। আমি বলেছি, দিপুও কর্মী ছিল আগে থেকেই। তখনই সে ওই কথা বলে। উনি আমাকে টাকাপয়সার কথা বলে। তবে লেনদেন হয়নি। আমি সেটি রেকর্ড করে রাখছি। এরপর কমিটির আলাপ থেমে যায়। এরমধ্যে হুট করে গতকাল সুতিপাড়া ইউনিয়নের কমিটি করা হয়। এদের কাউকে কেউ চেনে না। আর কমিটিতে সিনিয়র সহসভাপতির স্বাক্ষর থাকার কথা। সেটিও ছিল না।সে একাই কমিটি করে। তাই আমার কমিটিও যদি এভাবে দেয়। সেই চিন্তা থেকেই রেকর্ডটি সিনিয়রদের সেই।’

আর নিজের নামে টাকা চাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রদল ধামরাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাদ ই-রাব্বি জিসান বলেন, ‘আমি রেকর্ডটি শুনেছি। আমাকে টাকা দিতে হবে এমনটিও শুনেছি। আমি কিছু জানি না। যে বলেছে, সেই বলতে পারবে। তাকে জিজ্ঞেস করতে পারবেন। ধামরাইয়ের বাসিন্দারা জানেন, আমি কোনো টাকা পয়সার বিষয়ে নেই। আর বিষয়টি নিয়ে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি।’

কল রেকর্ড প্রসঙ্গে ছাত্রদল ধামরাই উপজেলা কমিটির সভাপতি রাফিজুল ইসলাম রবিন বলেন, ‘আমি এটার বিষয়ে অবগত নই। আমার ধারণা, সম্পাদনা করে এটি ছড়ানো হতে পারে। কিন্তু আমার কথাও যদি হয়, এডিটিং যদি নাও হয়, শুনে দেখুন, এখানে টাকার কথা বলা হয়েছে কিনা? আমাকে টাকা দাও, দিতে হবে, এরকম কিছু আছে কিনা? আমার বিরুদ্ধে এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। মিথ্যা অপবাদ দিচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি। এটাই কারণ। আমার এরকম কারো সঙ্গে কথা হয়নি। এটা কীভাবে বানালো, আমার মাথায় আসে না। আমি এটা দেখার পর নিজেই হতবাক। আমি সিনিয়রদের জানিয়েছি। আমাদের ঢাকায় কেন্দ্রে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। সেখানে বলবো। এমপি ও জেলা প্রশাসককে বলেছি এগুলো। যে প্রকাশ করলো, কেন করলো জানতে চেয়েছি। আইনিভাবেও ব্যবস্থা নেব।’

অন্যদিকে সুতিপাড়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে রাফিজুল ইসলাম রবিন বলেন, ‘সুতিপাড়ার কমিটির বিষয় হলো, সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত সবার প্রতি আমরা শ্রদ্ধাশীল। এই সিনিয়র সহসভাপতি ভাইটা কমিটি আসার পর থেকে জেলার কর্মসূচির একটিতেও উপস্থিত থাকেন না। কোনো সমন্বিত কর্মসূচি করেন না। ডাকলেও আসেন না। সেক্ষেত্রে আমরা কমিটি করার সিদ্ধান্ত নিই। সিনিয়রদের জানাই, তারা ধীরে ধীরে তৈরি করতে বলেন। সে অনুযায়ী করি। এখন ওই ভাই যদি না আসেন, কাজ না করেন, আমাদের তো কিছু করার থাকে না। আপাতত কমিটি স্থগিত করা হয়েছে। বলেছে, কিছু দিন পর করা হবে।’

এই কমিটি ঘোষণার জেরে ২৮ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে রাফিজুল ইসলাম রবিন ও সাদ-ই রাব্বি জিসানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে এসে জানাতে হবে।

এ প্রসঙ্গে রাফিজুল ইসলাম রবিন বলেন, আমরা সংগঠন করি, ‘ব্যক্তিগত কোনো শত্রু নেই। তবে প্রতিহিংসা করে কিছু লোক পেছনে লেগেছে। কেউ অপপ্রচার করলে আমরাও বিভ্রান্তিতে পড়ি। আর্থিক লেনদেন দূরস্থান, আমরা কাজ করি দলের স্বার্থে। আমি টাকা খাইছি, এমন মিথ্যা অপবাদ দিছে, আমার বিরুদ্ধে এমন কোনো কিছু প্রমাণ করতে পারবে না। পদে থাকায় আমার পেছনে লেগেছে।’

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে কেন্দ্রীয় কমিটি শোকজ করেছে। তারা যে ইউনিয়ন কমিটি করেছে, আমাদেরও জানিয়েছিল কমিটি করবে। আমরা তাদের গোছাতে বলেছিলাম ও নির্দেশ দিয়েছিলাম কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে কমিটি দেওয়া হবে। কিন্তু কমিটি দেওয়ার সময় তারা আমাদের জানায়নি। কারণ, ওখানে কমিটি করতে সিনিয়র সহসভাপতিরও স্বাক্ষর থাকতে হবে। তাকে না জানিয়েই কমিটি করেছে। সবকিছু মিলিয়ে বিষয়টি কেন্দ্রীয় কমিটি জানার পর একটি তৎপরতা নিয়েছে। আর একটি কল-রেকর্ড শুনেছি। এই ধরনের অনৈতিক কথায় তো ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা এই বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবো।’

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ‘রবিনকে কেন্দ্রীয় দফতর থেকে নোটিশ দেওয়া হয়েছে। তার আজকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যেতে বলা হয়েছে। তারা সব বিষয়ে কারণ দর্শাবেন। তারপরই বিস্তারিত জানা যাবে। তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি সাংগঠনিক বিচ্যুতি প্রসঙ্গে। তাকে আমরা ডেকেছি। তার সঙ্গে কথা বলবো। ২৪ ঘণ্টা সময় দিয়েছি। কথা বলার পর বলা যাবে। বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকও অবগত রয়েছেন।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছি। কেন্দ্রীয় কমিটি বিষয়টি দেখছে। যেসব অভিযোগ এসেছে সেগুলোর ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


সময়ের আলো/এনএন
  বিষয়:   বিতর্ক  রাফিজুল ইসলাম রবিন  ধামরাই ছাত্রদল সভাপতি  টাকা চাওয়ার রেকর্ড ফাঁস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: