প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিইসলামাবাদে ‘মক্কা অ্যালায়েন্স ফর ডিফেন্স’-এর উচ্চপর্যায়ের বৈঠকের এক দিন পর শনিবার সৌদি আরবে সেনা মোতায়েন করেছে পাকিস্তান। রোববার পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অবিচল অঙ্গীকারের অংশ হিসেবে এ সেনা মোতায়েন করা হয়েছে। সৌদি আরবে সেনা পাঠানো নিয়ে বিদায়ি অনুষ্ঠানের পর দেওয়া বিবৃতিটিই পাকিস্তানের সামরিক বাহিনীর প্রথম আনুষ্ঠানিক বক্তব্য। খবর আলজাজিরার।
পাকিস্তানের সেনাবাহিনী জানায়, পারস্পরিক চুক্তি ও বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর আওতায় এসব সেনা সৌদি ভূখণ্ডে দায়িত্ব পালন করবেন। নতুন নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করাই এ পদক্ষেপের উদ্দেশ্য।
এর আগে গত শুক্রবার ইসলামাবাদে ‘মক্কা অ্যালায়েন্স ফর ডিফেন্স’-এর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সেনাদের বিদায় জানানো হয়। এতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি সমর্থিত বাহিনীর সংঘাত তীব্র হওয়া এবং সৌদি আরবে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে গত আগস্টে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই হয়েছিল।
এর আগে গত মে মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সময় সৌদি আরবের সঙ্গে আগের একটি প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান দেশটিতে হাজার হাজার সেনা, এক স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠিয়েছিল।
এ ছাড়া গত অক্টোবরে এক পাকিস্তানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সৌদি আরবের স্থলসীমান্ত সুরক্ষিত রাখা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে দেশটিতে ৩০ থেকে ৪০ হাজার সেনা মোতায়েন করেছে পাকিস্তান।
সময়ের আলো/ইউএমএইচ