
পাথরঘাটার বলেশ্বর নদীর মোহনায় প্রায় ১৫০ একর আয়তনের বিহঙ্গ দ্বীপ জেগে উঠেছে। ছবি : সংগৃহীত
পাথরঘাটার বলেশ্বর নদীর মোহনায় প্রায় ১৫০ একর আয়তনের বিহঙ্গ দ্বীপ জেগে উঠেছে। ছবি : সংগৃহীত বঙ্গোপসাগরে অসংখ্য ডুবোচর ও অগভীর পানির কারণে নৌপথ পরিবর্তন করে চলাচল করতে হচ্ছে বরগুনার পাথরঘাটার জেলেদের। মাছ ধরতে সাগরে যাওয়া কিংবা ফিরে আসার পথে নিরাপদ গভীর পানির সন্ধানে অনেক দূর ঘুরে ট্রলার চালাতে হচ্ছে তাদের। এতে বাড়ছে যাতায়াতের সময় ও জ্বালানি খরচ। পাশাপাশি মাছ শিকারেও নানা ভোগান্তিতে পড়ছেন জেলেরা।
সুন্দরবন-সংলগ্ন উপকূলীয় সাগর এবং বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীর মোহনা এলাকায় পলি জমা এবং ভূপ্রকৃতির পরিবর্তনের কারণে বিভিন্ন স্থানে অগভীরতা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন জেলেরা। তাদের দাবি, এসব এলাকায় প্রায়ই ট্রলার ডুবোচরে আটকে যাচ্ছে। কখনো কখনো ঘটছে দুর্ঘটনাও।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি বলেন, সাগরের বিভিন্ন স্থানে ডুবোচর ও অগভীর পানির কারণে ট্রলারগুলোকে আগের পরিচিত পথ পরিবর্তন করে চলাচল করতে হচ্ছে। নিরাপদ পানির সন্ধানে অনেক দূর ঘুরে যেতে হয়। এতে সময় ও জ্বালানি খরচ বাড়ছে। পাশাপাশি মাছ ধরার কাজেও নানা সমস্যায় পড়তে হচ্ছে জেলেদের।
পাথরঘাটার স্থানীয় জেলে হাবিব, রহমান ও আব্দুল মালেক মাঝি জানান, সাগরে ডুবোচর ও অগভীর এলাকা বেড়ে যাওয়ায় আগের পরিচিত পথে ট্রলার চালানো যাচ্ছে না। ডুবোচরের ঝুঁকি এড়াতে অনেক জায়গায় ঘুরপথে চলাচল করতে হচ্ছে। এতে মাছ ধরার এলাকায় পৌঁছাতে এবং ঘাটে ফিরতে অতিরিক্ত সময় ও জ্বালানি খরচ হচ্ছে।
পাথরঘাটার কালমেঘা এলাকার ছগির মাঝি বলেন, সাগরে যেতে হলে সাধারণত ভাটার সময় ট্রলার চালাতে হয়। এতে দ্রুত সাগরে পৌঁছানো যায়। কিন্তু এ পথে চলতে গিয়ে প্রায়ই ডুবোচরে ট্রলার আটকে যায়। তখন জোয়ারের জন্য ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এরপর উজানের স্রোতে ট্রলার চালিয়ে সাগরে যেতে হয়। এতে সময় ও জ্বালানি— দুটোই বেশি লাগে। আবার ডুবোচরে আটকে গেলে স্রোত ও ঢেউয়ের ধাক্কায় ট্রলারের তলা ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে।
কাকচিড়ার ইলিয়াস মাঝি জানান, কাকচিড়া লঞ্চঘাট থেকে বিষখালী নদী হয়ে ট্রলার নিয়ে পাথরঘাটা মৎস্য বন্দরে আসতে তিনটি বড় চর অতিক্রম করতে হয়। তার ভাষ্য, গত ২০ বছরে চরগুলো ক্রমেই বড় হয়েছে। বর্তমানে এসব চরে ঘন জঙ্গলও গড়ে উঠেছে। ফলে নদীপথ সংকুচিত হয়ে চলাচলে কঠিন হয়েছে। আগে যে পথ পাড়ি দিতে দেড় ঘণ্টা লাগত, এখন সেখানে সময় লাগছে প্রায় তিন ঘণ্টা।
এদিকে পাথরঘাটার বলেশ্বর নদীর মোহনায় প্রায় ১৫০ একর আয়তনের বিহঙ্গ দ্বীপ জেগে উঠেছে। পাথরঘাটা উপজেলা প্রশাসনের পর্যটনবিষয়ক তথ্য অনুযায়ী, দ্বীপটি ২৫ থেকে ৩০ বছর আগে জেগে ওঠে। বিশেষজ্ঞদের মতে, নদীবাহিত পলি, জোয়ার-ভাটা, সমুদ্রস্রোত ও ঢেউয়ের প্রভাবে উপকূলীয় নদী এবং সমুদ্রতলের ভূপ্রকৃতিতে পরিবর্তন আসতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপকূলীয় নদী ও সমুদ্রতলের ভূপ্রকৃতির পরিবর্তন পর্যবেক্ষণে বিভিন্ন সময়ে জরিপ চালানো হয়েছে। সরকারি পরিবেশগত সমীক্ষা অনুযায়ী, বিষখালী, বলেশ্বর ও বুড়িশ্বর নদীর মোহনায় ২০২১ ও ২০২৩ সালে সমুদ্রতলের গভীরতা পরিমাপ করা হয়। ওই সমীক্ষায় সিঙ্গেল বিম ও মাল্টিবিম ইকো সাউন্ডার ব্যবহার করে মোট ৫৮১ কিলোমিটার জরিপপথের তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি প্রায় ৪৭ বর্গকিলোমিটার এলাকায় গভীরতার বিস্তারিত জরিপ চালানো হয়। দুই সময়ের তথ্য তুলনা করে নদীর তলদেশে পলি জমা ও ক্ষয়ের পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আগে সাগর ও নদীতে পানির স্বাভাবিক প্রবাহের জন্য যেসব হোর (জলধারা) ছিল, সেগুলোর অনেক এখন পলি জমে ভরাট হয়ে চরে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন ও ফারাক্কা বাঁধের প্রভাবে পানির প্রবাহ এবং গতিপথে পরিবর্তন ঘটছে বলে আমরা মনে করছি। ডুবোচরের কারণে বিভিন্ন সময় ট্রলার আটকে যাওয়া ও দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনাও ঘটছে। আশার চর, ফাতরার চর, লতার চর ও চর বিজয়সহ নতুন নতুন চর জেগে উঠেছে। এসব চরের একেকটির দৈর্ঘ্য প্রায় তিন থেকে সাত কিলোমিটার।
স্থানীয় গণমাধ্যম কর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী ডুবোচরগুলোর কারণে জেলেদের নৌ চলাচলে ঝুঁকি বাড়ছে। নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাথরঘাটা উপকূল থেকে বঙ্গোপসাগরের বিভিন্ন ডুবোচর শনাক্ত, গভীরতা পরিমাপ এবং নিরাপদ নৌপথের মানচিত্র তৈরি করা প্রয়োজন। এতে জেলেরা নিরাপদ পথে চলাচল করতে পারবেন এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে।
এ বিষয়ে বরগুনা নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইফুর রহমান বলেন, সাগর ও নদীর মোহনায় ডুবোচর থাকার বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাদের অবহিত করেননি। তবে বিষয়টি এখন আমাদের নজরে এসেছে। এ অবস্থায় শিগগিরই সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে এবং এ বিষয়ে ঊর্ধŸতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, পাথরঘাটা উপকূল থেকে বঙ্গোপসাগরের বিভিন্ন নৌপথে ডুবোচর ও অগভীর পানির কারণে জেলেদের চলাচলে ভোগান্তির বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে জেলেদের নিরাপত্তা, মৎস্য আহরণ এবং উপকূলীয় মানুষের জীবিকা জড়িত। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। সংশ্লিষ্ট দফতর, বিশেষ করে বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে ডুবোচর ও নদীপথের নাব্যতা পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে সরেজমিন জরিপ ও পানির গভীরতা পরিমাপের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ডুবোচর চিহ্নিত করে নিরাপদ নৌ চলাচলের পথ নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধŸতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
সময়ের আলো/এনএন