
উপজেলায় কুশিয়ারা-কালনী নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত
উপজেলায় কুশিয়ারা-কালনী নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কুশিয়ারা-কালনী নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। রাতের আঁধারে ড্রেজার ও ইঞ্জিনচালিত নৌকা দিয়ে নদীর ভাঙনপ্রবণ এলাকা থেকে বালু-মাটি তোলার কারণে নদীভাঙন ভয়াবহ রূপ নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে বাহারা ইউনিয়নের প্রতাপপুর বাজার, ভেরারডহর, মেদা ও মুছাপুর গ্রামের সহস্রাধিক পরিবারের বসতভিটা, ফসলি জমি ও জনবসতি হুমকির মুখে পড়েছে। নদীভাঙন আর অবৈধ বালু উত্তোলনের কারণে দ্বিমুখী সংকটে পড়েছেন কুশিয়ারা-কালনীপাড়ের মানুষ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শুধু কৃষিজমি নয়, কয়েকটি গ্রামের মানুষের বসতভিটা ও দীর্ঘদিনের জনপদও হারিয়ে যেতে পারে নদীর অতলে।
স্থানীয়রা জানান, একসময় ধীরগতিতে ভাঙলেও অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের পর নদীর তীর দ্রুত বিলীন হচ্ছে। প্রায় দুই মাস ধরে প্রতি রাতে ১৫ থেকে ২০টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে একটি চক্র নদীর বিভিন্ন স্থান থেকে বালু ও মাটি তুলছে। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কার্যকর প্রতিকার না পাওয়ায় আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের।
সরেজমিন দেখা যায়, প্রতাপপুর বাজার থেকে ভেরারডহর, মেদা বাজার হয়ে মুছাপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙনের চিত্র। কোথাও নদীর তীর ধসে পড়ছে, কোথাও ফসলি জমির দিকে এগিয়ে আসছে পানি। ভাঙনের বিস্তৃতি বাড়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে বসতভিটা হারানোর শঙ্কা।
ভুক্তভোগীদের পক্ষে মেদা গ্রামের আবুল কাশেম শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মির্জাকান্দা গ্রামের কাজল মিয়া ও আব্দুল হামিদসহ কয়েকজনের বিরুদ্ধে রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও পিয়াস চন্দ্র দাস জানান, কাজল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর থানার ওসিকে অবহিত করা হয়েছে। কাজলকে সতর্ক করার পর তিনি সরঞ্জাম সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। জড়িতদের শনাক্ত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, অবৈধ বালু-মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। নদীভাঙন রোধে প্রায় ১৫০ কোটি টাকার একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। এটি বর্তমানে উচ্চপর্যায়ে যাচাই-বাছাই চলছে।
শাল্লা থানার ওসি মো. সোহেল বলেন, অবৈধ উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের কোনো গাফিলতি নেই। জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মুছাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ধরনী বৈষ্ণব জানান, দুই মাস ধরে রাতে একাধিক নৌকা দিয়ে মাটি উত্তোলন চলছে। দ্রুত ব্যবস্থা না নিলে কয়েকটি গ্রামের সহস্রাধিক পরিবার ভিটেমাটি হারাতে পারে।
এদিকে ভাঙনপ্রবণ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে নৌকায় মাটি উত্তোলনের কাজ চলার তথ্য পাওয়া গেছে। শ্রমিক মিষ্টি নুর ও জাকির হোসেন চার রাত কাজ করার কথা স্বীকার করেন। মিষ্টি নুর জানান, মেদা বাজারের প্রভাবশালীদের মাধ্যমে মাসিক বেতনে তিনি এ কাজে যুক্ত হয়েছেন।
সময়ের আলো/প্রিন্ট/এনএন