প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পিএম

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : সময়ের আলো
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : সময়ের আলোজামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক(৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল(৩০) ও রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ইসলামপুর উপজেলা থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিলো। তাদের বহনকারী মোটরসাইকেলটি ইসলামপুর উপজেলার পলবান্ধা উজানপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বেগুনবোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হক ও বকুলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুইজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/এনএন