
বাংলাদেশের বেসরকারিভাবে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ জো-ত্ললং-এর পাশে আরেকটি ৩ হাজার ফুটের বেশি উঁচু পাহাড়ের সন্ধান পেয়েছেন তরুণ প্রকৌশলী জ্যোতির্ময় ধর। বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রিতে অবস্থিত এই পাহাড়, স্থানীয় বম অধিবাসীদের কাছে ‘আইয়াং ৎলং’ নামে পরিচিত। পাহাড় জয় করে এর চ‚ড়ায় বাংলাদেশের লাল সবুজের পতাকা টাঙিয়ে রেখে এসেছেন প্রকৌশলী জ্যোতির্ময় ধর। জারমিন জিপিএস-এর সাহায্যে এই পাহাড়ের উচ্চতা পরিমাপ করা হয়েছে ৩ হাজার ২৯৮ ফুট।
১১ নভেম্বর প্রকৌশলী জ্যোতির্ময় ধর এই অনাবিষ্কৃত পাহাড় এবং চ‚ড়া জয়ের উদ্দেশ্যে থানচি উপজেলার রেমাক্রি মৌজার দালিয়ান হেডম্যান পাড়ায় গিয়ে পৌঁছান। পরদিন স্থানীয় বম সম্প্রদায়ের মধ্যে দুজন চৌকস শিকারি এবং পথপ্রদর্শক যথাক্রমে লালিয়ান বম এবং লাল ঠাকুম বমকে সঙ্গে করে জীবনের ঝুঁকি নিয়ে তিনি এই অচেনা পর্বতের উদ্দেশে অভিযান শুরু করেন।
প্রায় ৬৭ কিলোমিটার পিচ্ছিল ঝিরিপথ ধরে ট্র্যাকিং করতে গিয়ে তিনি সম্মুখীন হয়েছেন ৮০০-৯০০ ফুট উঁচু সব পিচ্ছিল খাড়া পথ। এই পিচ্ছিল জায়গাগুলো দিয়ে অনেক উঁচু থেকে ঝরনার জল, ঝিরিতে এসে পড়ে, যেখানে শুধু বাঁশ এবং দড়ির ওপর ভর দিয়ে ওপরে উঠতে হয়।
অনেক ভোরে তারা এই ঝিরিপথের শেষ প্রান্ত থেকে ‘আইয়াং তøলং’-এর দিকে উঠা শুরু করেন। পথ দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে প্রকৌশলী জ্যোতির্ময় ধর ও তার দুই পথপ্রদর্শক বাঁশ, বন, জঙ্গল, ঝোপঝাড় ইত্যাদি পরিষ্কার করতে করতে একপর্যায়ে ৩২৯৮ ফুট উঁচুতে ‘আইয়াং ৎলং’-এর চ‚ড়ায় উঠতে সমর্থ হন। সময়টা তখন বেলা ১টা ৪১ মিনিট। তারপর তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই নবআবিষ্কৃত পাহাড়ে উড়িয়ে দেন লাল-সবুজের পতাকা।