কল্যাণী আসবে

অনুপম হায়াৎ

আলোর রেখা

কল্যাণী, তুমি কবে আসবে? ঐ কল্যাণপুর থেকে। সূর্যওঠা ভোরের বাসে। তুমি কবে এসে নামবে এই শান্তিনগরের বাসস্টপে!কল্যাণী, সোহরাওয়ার্দী উদ্যানে এসে

2019-12-13T00:00:00+00:00
2019-12-13T00:00:00+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আলোর রেখা
কল্যাণী আসবে
অনুপম হায়াৎ
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম   (ভিজিট : ৩০১)
কল্যাণী, তুমি কবে আসবে? ঐ কল্যাণপুর থেকে। সূর্যওঠা ভোরের বাসে। তুমি কবে এসে নামবে এই শান্তিনগরের বাসস্টপে!
কল্যাণী, সোহরাওয়ার্দী উদ্যানে এসে তুমি আমাদের ভালোবাসার অভিবাদন গ্রহণ করো। জানো কল্যাণী, তোমার জন্য ঐ বেকার তরুণ কেমন দরখাস্ত লিখে পাঁচ টাকা দামের পোস্টাল অর্ডার আর ধার করা টাই গলায় বেঁধে রাস্তার স্টুডিওর সস্তা পাউডারে প্রসাধিত হয়ে পাসপোর্ট সাইজের দু’কপি ফটোসহ টু দি এডভার্টাইজার উইদ রেফারেন্স টু ইওর এপ্লিকেশন...।
তোমার জন্য তরুণ কবি কেমন কবিতা লেখে : আবার কবে ভরা কলসী কাঁখে ঘরে ফিরবে কল্যাণী, পদ্মায় আবার কবে ঝলসাবে রুপালি ইলিশ। হ্যাঁ, ফারাক্কা, ফারাক্কা আলোচনা ব্যর্থ, তুমি শোননি কল্যাণী? চার হাজার আট শত কোটি টাকার নতুন পরিকল্পনা! জাতিসংঘের গত অধিবেশনে তোমার সঙ্গে যখন দেখা হয় তখন বলেছিলে : দেখা হবে, আবার আগামীতে। এখনও আছি তোমারই; চিরদিন তোমারই থাকব। লেবাননে অল্পের জন্য বেঁচে গেছি! এই দেখো চিবুকে বোমার দাগ।
তোমার জন্য ওরা কেমন টেন্ডার আহ্বান করে। হ্যাঁ, কল্যাণীর জন্য আন্তর্জাতিক টেন্ডার নোটিশ নং-১।
প্রয়োজন : সারা বিশ্বের।
স্পেসিফিকেশন: যুদ্ধ, ক্ষুধা, দারিদ্র্য, অশান্তি, দুঃখ, রোগ, শোকহীন প্রজাতান্ত্রিক-সমাজতান্ত্রিক পৃথিবী।
আর্নেস্টমানি : সমস্ত ব্যক্তিগত লোভ-লালসার চকচকে টাকা জমা দিতে হবে সমষ্টিগত ব্যাংকে।
স্থায়িত্ব : অনন্তকাল।
চালান : ভালোবাসার বন্দর থেকে বন্দরে।
প্যাকিং : শ্বেত কপোতের পালকে।
মূল্য : মূল্যহীন সোনালি মুদ্রার ঋণপত্রে।
তুমি কবে আসবে কল্যাণী আণবিক ভালোবাসায় আমাদের ঘরকে ঐশ্বর্যে ভরে তুলতে? কবে এসে বলবে : তুমি এত কম খাও অনুপম? তুমি না চিকন চালের গরম ভাত আর চলনবিলের লাল বুকওয়ালা কই মাছের ভাজা অথবা মাগুর মাছের ঝোল খেতে খুব পছন্দ করো? নাও, আর এক বাড়ান ভাত খাও। এই যে আর একটা কাঁচামরিচ এনে দিচ্ছি। তুমি কবে তেলেন্ত:সুত্তা হবে কল্যাণী পেট্রো-টাকায় সারা বিশ্ব নাচিয়ে? বঙ্গোপসাগরের উপকূলে কি তারই ইঙ্গিত? তুমি এখন ঋতুবতী, কল্যাণী, হাইড্রো কার্বন স্রাবিত তোমার পবিত্র জরায়ু।
কল্যাণী, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ ছবির সেই ববিতার সন্তান এখন কেমন আছে? যতীন্দ্র মোহন বাগচীর শোলক বলা ‘কাজলাদিদি’র খবর কী? কেমন আছে সেই প্রেমিক হারানো বাগদাদ খলিফা হারুনের বাদী মেহেরজান? পোলানস্কির ‘নাইফ ইন দ্য ওয়াটার’ ছবির সেই দম্পতিরা কি তাদের বিশ্বাস ফিরে পেয়েছে? বি-৫২ বোমারু বিমানের ইঞ্জিন কবে নষ্ট হবে? যুদ্ধের মাঠ কবে ভরে উঠবে ফসলের সম্ভারে?
কল্যাণী, তুমি কবে আসবে?
তুমি আমাদের পবিত্রতম গ্রন্থ। তুমি আছ হৃদয়ের একান্ত নিবিড় উফ সান্নিধ্যে। শুভ্র বিবেকের আন্ডারগ্রাউন্ডে। ভালোবাসার শোভন বাংকারে। তারুণ্যের সেরা সম্পদ যৌবন বিস্ময়ে।
তুমি কখনও বেওয়ারিশ লাশ হয়ে আঞ্জুমানে মফিদুল ইসলামের গাড়িতে আসবে না। তুমি কল্যাণী, তাই কল্যাণপুরের বাসেই তুমি আসবে একদিন। এই বিশ্বাসের পতাকা হাতে নিয়েই তো আমরা জন্মাবধি দাঁড়িয়ে আছি প্রতীক্ষায়।
গবেষক ও কথাসাহিত্যিক

Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: