প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম (ভিজিট : ৪৪৯)
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি ছিলেন একাধারে লেখক চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার। সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপি গাইন-বাঘা বাইন, টুনটুনির বই ইত্যাদি তারই অমর সৃষ্টি। উপেন্দ্রকিশোরের জন্ম ১৮৬৩ সালের ১২ মে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসূয়া গ্রামে, যা অধুনা বাংলাদেশে অবস্থিত। তার পিতা কালিনাথ রায় ছিলেন সুদর্শন এবং আরবি, ফার্সি ও সংস্কৃতে সুপÐিত। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বাংলা সাহিত্য জগতের অত্যন্ত জনপ্রিয় একটি নাম। সাহিত্যিক সুকুমার রায়ের পিতা এবং সাহিত্যিক, চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের দাদা। ছোটবেলা থেকেই উপেন্দ্রকিশোরের পড়াশোনার থেকে বেশি অনুরাগ ছিল বাঁশি, বেহালা ও সঙ্গীতের প্রতি। ময়মনসিংহ জিলা স্কুল থেকে উপেন্দ্রকিশোর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি পান। তারপর কলকাতায় এসে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। ছাত্র থাকাকালীনই তিনি ছোটোদের জন্য লিখতে আরম্ভ করেন। সেই সময়কার সখা, সাথী, মুকুল ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক নামে মাসিক পত্রিকাগুলোতে তার লেখা প্রকাশ হতে শুরু হয়। প্রথমদিকের প্রকাশিত লেখাগুলো ছিল জীববিজ্ঞান বিষয়ক প্রবন্ধ। তার পরে চিত্র অলঙ্করণযুক্ত গল্প প্রকাশিত হতে আরম্ভ হয়। যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে তার প্রথম বই ‘ছেলেদের রামায়ণ’ প্রকাশিত হয়। এই বইটি সমাজে অতি আদরের সঙ্গে সমাদৃত হলেও মুদ্রণ সম্বন্ধে অতৃপ্ত উপেন্দ্রকিশোর ১৮৮৫ সালে বিদেশ থেকে তখনকার দিনের আধুনিকতম মুদ্রণ যন্ত্রাংশাদি নিজের খরচায় আমদানি করেন। ১৯১১ সালে তিনি বড়ছেলে সুকুমারকে বিলেতে পাঠান ফটোগ্রাফি ও মুদ্রণ সম্বন্ধে উচ্চশিক্ষা লাভ করার জন্য। ১৯১৫ সালের ২০ ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরলোকগমন করেন।