বিভিন্ন অ্যাপের সাহায্যে ট্রেনের টিকেট কেটে বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা পরিশোধের সুযোগ অনেক পুরনো। এবার বিকাশ নিজেদের অ্যাপেই ট্রেনের টিকেট কাটার সুবিধা নিয়ে এসেছে। কিন্তু বিকাশে কীভাবে ট্রেনের টিকেট কাটবেন? এ নিয়ে বিভ্রান্তিতে যাতে না পড়তে হয় জন্যই জেনে নিতে পারেনÑ স্মার্টফোনে বিকাশ অ্যাপ ওপেন করতে হবে। সবার ওপরের টুলবারে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট অপশনের সারিতে একদম ডানদিকে থাকা টিকেট অপশনে যেতে হবে।
টিকেট অপশনে ট্যাপ করার পর সেখানে আসবে ট্রেন ও মুভি দুটি টিকেট অপশন। সেখান থেকে ট্রেনে ট্যাপ করলে বাংলাদেশ রেলওয়ে লেখাটি আসবে। নিচের দিকে শর্তগুলো লেখা আছে। ‘ওকে’ বাটন ট্যাপ করলে নতুন আরেকটি অপশন আসবে। এই নতুন অপশন আপনাকে নিয়ে যাবে রেলওয়ের ই-টিকেটিং প্ল্যাটফর্মে। সেখান থেকে রুট, গন্তব্য, যাত্রার তারিখ, কোন ক্লাসের টিকেট কাটতে চান, কতজন যাত্রী সেসব নির্ধারণ করে সার্চ করতে হবে। সব তথ্য ঠিকমতো দেওয়া হয়ে গেলে নতুন আরেকটি অপশন আসবে। সেখানে ভাড়াসহ যাবতীয় তথ্য দেখাবে। যদি টিকেট কাটতে চান পরবর্তী ধাপে যেতে হবে। এবার দিতে হবে সম্মতি। ব্যস, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে টিকেট জমা হয়ে যাবে অ্যাপে। এরপর হিস্ট্রি থেকে টিকেট দেখা যাবে। সেটি প্রিন্ট করে নিয়ে গেলেই নির্ধারিত ট্রেনে চড়তে আর কোনো বাধা থাকবে না।