ভিডিও নির্মাতাদের কপিরাইট জটিলতা সমাধানে নতুন করে ভেবেছে জনপ্রিয় ভিডিও মাধ্যম ইউটিউব। এ জন্য প্রতিষ্ঠানটি এনেছে নতুন ফিচার। এ ফিচারের মাধ্যমে কপিরাইট জটিলতা কমবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।
নতুন এ ফিচারে সরাসরি ডিজিটাল ‘ব্যাক-অ্যান্ড’ থেকে কপিরাইট জটিলতার সমাধান করতে পারবেন ইউটিউবাররা। চাইলে ‘অ্যাসিস্টেড ট্রিম’ অপশনের সাহায্যে ছেঁটে ফেলতে পারবেন কপিরাইটে আক্রান্ত ভিডিওর অংশবিশেষ। নতুন স্টুডিও আপডেটের অংশ হিসেবে ইউটিউব এ ফিচারটি যুক্ত করেছে।
‘অ্যাসিস্টেড ট্রিম’ প্রসঙ্গে গুগল প্রোডাক্ট বøগে লেখা হয়েছে, ঠিক কোন অংশটি কপিরাইটের আওতায় পড়েছে তা চিহ্নিত হয়ে যাবে। আরও ঠিকভাবে যাতে চিহ্নিত করা যায়, সেজন্য ইউটিউব টিম এখনও কাজ করছে। কপিরাইটের অংশটি বাদ দিয়ে ভিডিওটি রেখে দিলে আর কোনো সমস্যা থাকবে না। প্রসঙ্গত ইউটিউবে কপিরাইট জটিলতায় পড়েননি এমন ইউটিউবার খুঁজে পাওয়া হয়তো দুষ্কর। ইউনিভার্সাল মিউজিকের মতো বড় প্রতিষ্ঠানের ভিডিও বা কনটেন্ট নির্মাতাদের কপিরাইট জটিলতায় পড়ে যাওযার মতোও ঘটনা ঘটেছে। এর আগে এ সমস্যাটির সমাধান অনেকভাবেই করতে চেয়েছে গুগলের এ প্রতিষ্ঠানটি। তবে এখন পর্যন্ত পুরোপুরি নির্মূল করতে পারেনি।
তবে গত জুলাইয়ে নিজেদের নীতিমালা আপডেট করেছিল ইউটিউব। নিজেদের স্বচ্ছতা বজায় রাখতে ইউটিউব স্টুডিওতে কপিরাইট ক্লেম ও কপিরাইট স্ট্রাইক দেখারও ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি। প্রতিদিন নিত্যনতুন আপডেট তো আসছেই। আগামী বছর আরও অনেক আপডেট আসবে বলে জানায় ইউটিউব।