দেরিতে হলেও যাত্রা শুরু করেছে বিমান বাংলাদেশের মোবাইল অ্যাপ্লিকেশন। ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অ্যাপসটি উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে অ্যাপসের মাধ্যমে টিকেট কাটলেই পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়।
অ্যাপস ব্যবহার করে যাত্রীরা বিমানের যেকোনো রুটের টিকেট কাটতে পারবেন। বিকাশ, রকেটসহ যেকোনো কার্ডের মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে। এ ছাড়াও ফ্লাইট সম্পর্কিত সব তথ্য জানা যাবে নতুন উদ্বোধন হওয়া এ অ্যাপসে।
বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, ‘যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করেই এ অ্যাপস চালু করা হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা টিকেট কাটা ছাড়াও ফ্লাইট সিডিউল, ফ্লাইট স্ট্যাটাস, সেলস সেন্টারের ঠিকানা, অনলাইন টিকেট ও রিফান্ড হেল্পডেস্ক সুবিধা পাবেন। অ্যাপসের মাধ্যমে বিমানের সিট নির্ধারণ করার সুযোগও থাকবে এ অ্যাপসে।’
অ্যাপসে টিকেট কাটলে যাত্রীরা লাভবান হবে বলে মন্তব্য করেন বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক বলেন, ‘অ্যাপসে ১০ শতাংশ ছাড় দিচ্ছি আমরা। এতে টিকেট কাটলে দুপক্ষই লাভবান হবে। কারণ যাত্রীদের আমরা ১০ ভাগ ছাড় ও ঘরে বসে টিকেট কাটার সুবিধা দিচ্ছি। পাশাপাশি বর্তমান প্রক্রিয়ায় এজেন্টকে ৭ থেকে ৯ ভাগ কমিশন দিতে হয়। অ্যাপসের কারণে সে কমিশন আর কাউকে দিতে হবে না।’ বিমান জানায়, অ্যাপসের মাধ্যমে পাঁচ শতাংশ টিকেট বিক্রি হলেও বছরে বিমানের পাঁচ কোটি টাকা বেশি আয় হবে। বর্তমানে বিমানের টিকেট বিক্রি থেকে প্রতি মাসে আয় ৮০ কোটি টাকা।