ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের মাধ্যমে অনেকেই তারকাখ্যাতি অর্জন করেছেন। এ ক্ষেত্রে পিছিয়ে নেই শিশুরাও। যুক্তরাষ্ট্রের রায়ান গুয়ান এ রকমই এক শিশু। রায়ান কাজি নামে বেশি পরিচিত। চলতি বছরের সর্বাধিক উপার্জনকারী হিসেবে ইউটিউবের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে আট বছরের এ শিশু।
ইউটিউবের রায়ানের জনপ্রিয় ভিডিওগুলোতে দেখা যায়, সে তার উপহারের বক্স খুলে বিভিন্ন খেলনা বের করে। সে খেলনাগুলো পর্যালোচনা করে রিভিউ দেয়। এভাবেই ঘণ্টায় অন্তত দুই হাজারের বেশি ডলার উপার্জন করে খুদে এ ইউটিউবার।
২০১৯ সালে নিজের ইউটিউব চ্যানেল থেকে রায়ান উপার্জন করেছে ২ কোটি ৬০ লাখ ডলার। যা রায়ানকে বসিয়েছে এ বছরের সেরা উপার্জনকারী ইউটিউবারের তালিকায়।
মার্কিন ম্যাগাজিন ফোর্বসের মতে, শুধু চলতি বছরেই নয়, গত বছরও ইউটিউব থেকে সর্বাধিক উপার্জনকারী হিসেবে রায়ান কাজির নাম শীর্ষে ছিল। ২০১৮ সালে নিজের ইউটিউব চ্যানেল থেকে রায়ানের মোট উপার্জন ছিল ২ কোটি ২০ লাখ ডলার। টানা দ্বিতীয়বারের মতো এবার সে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভিডিও কন্টেন্ট নির্মাতার তকমা দখলে রাখতে সক্ষম হয়েছে।
রায়ান কাজির ইউটিউবের নাম রায়ানস ওয়ার্ল্ড। ২০১৫ সালে যখন রায়ানের বয়স তিন বছর, তখন তার বাবা মা এ চ্যানেলটি চালু করেন। বর্তমানে রায়ানস ওয়ার্ল্ডের সাবস্ক্রাইবার ২ কোটি ২৯ লাখ ছাড়িয়েছে।